২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ সফল কোনো সরকার নয়: কামরুল

সরকারের ব্যর্থতা থাকে স্বীকার করে তা নিয়ে গঠনমূলক সমালোচনার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ব্যর্থতা থাকে স্বীকার করে তা নিয়ে গঠনমূলক সমালোচনার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এই আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করতে না পারার ব্যর্থতাও স্বীকার করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রের দায়িত্ব ইলিয়াস আলীকে খুঁজে বের করা, এটা আমি স্বীকার করি। তিনি যদি গুম, নিরুদ্দেশ বা নিখোঁজ হন, তাকে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব।” তিন সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ইলিয়াসের খোঁজ এখনো দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিএনপি বলে আসছে, সরকারই তাদের এই নেতাকে ‘গুম’ করেছে। ইলিয়াসের সন্ধান দাবিতে হরতালে সহিংসতার দিকে ইঙ্গিত করে কামরুল বলেন, “আমরা শুনেছি ও পত্রিকায় পড়ে জেনেছি, ইলিয়াস আলীর গায়ে কিছু কালির দাগ থাকতে পারে। কিন্তু হরতালে যে পাঁচ জন মারা গেল, তাদের কোনো রাজনীতি ছিল না।” প্রতিমন্ত্রী বলেন, বুদ্ধিজীবী, লেখক ও সাংবাদিকরা অনেকে এখন একপাক্ষিকভাবে সরকারের সমালোচনা করছেন। “কোনো সরকার শতভাগ সফল হতে পারে না। আমাদেরও ব্যর্থতা আছে। সেগুলোর সমালোচনা করুন, কিন্তু সমান্তরালভাবে সমালোচনা করবেন না,” বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে প্রতিমন্ত্রী বলেন, তত্ত্¡াবধায়ক সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। সরকার নির্বাচন করে না, করে নির্বাচন কমিশন। এজন্য বর্তমান সরকার শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে উঠে আসা সংলাপের আওয়াজ নিয়ে তিনি বলেন, তা চাইলে বিরোধী দলের মানসিকতার পরিবর্তন করতে হবে। ‘মানবাধিকার সংবাদ’ নামে পাক্ষিক পত্রিকাটির প্রকাশনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। এর আগে সকালে প্রতিমন্ত্রী চট্টগ্রাম আদালত ভবনে ‘জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট’ এবং ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’ আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালয় প্রধান অতিথির বক্তব্য দেন। এতে তিনি বলেন, বিচার বিভাগে নিয়োগ ও পদোন্নতিসহ বিদ্যমান সমস্যা আগামী ছয় মাসের মধ্যে সমাধান করা হবে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালয় কামরুল জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৬০০ বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আরো ২০০ বিচারক নিয়োগের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২০০ ঘ.