গাজীপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের প্রতি জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এবার ক্ষমতা ছাড়ার পর ৪২ বছরেও ফিরতে পারবে না আওয়ামী লীগ।
শনিবার গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির এক জনসভায় তিনি একথা বলেন। ১২ মার্চ ঢাকায় সমাবেশের পর প্রথম জনসভায় খালেদা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সংবিধান সংশোধনের দাবি জানান।
জনসভায় সরকারের সমালোচনার পাশাপাশি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কী করা হবে, সে প্রতিশ্রুতিও দেন খালেদা; পরিচয় করিয়ে দেন সম্ভাব্য দলীয় প্রার্থীকেও।
আওয়ামী লীগকে ‘গুম-সন্ত্রাসী-খুনির’ দল আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “এই কারণে তারা ২১ বছর ক্ষমতার বাইরে থেকে কান্নাকাটি করে ক্ষমতায় এসেছিল। এবার ক্ষমতা ছাড়লে আগামী ৪২ বছর কান্নাকাটি করলেও জনগণ তাদের ক্ষমা করবে না। তারা আর ক্ষমতায় আসতে পারবে না।”
তিনি বলেন, “এখন তাদের শুধু পায়ের নিচে কিছুটা মাটি আছে, নিরপেক্ষ নির্বাচন হলে ওই মাটির ফাঁক দিয়ে তারা অতলে তলিয়ে যাবে।
“আমরা সরকারকে বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। তা না হলে দলীয় সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’’
বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলার সমালোচনা করে খালেদা বলেন, “এভাবে মামলা ও হয়রানি করে আন্দোলন বন্ধ করা যাবে না। জনগণের মনে যে আগুন জ্বলছে, তা কেউ বন্ধ করতে পারবে না।”
“আওয়ামী লীগ আমাদের শাসনামলে ৫ বছরে ১৭৫ দিন হরতাল করেছে। আমরা সাড়ে তিন বছরে ১৩টি হরতাল করেছি। আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও-ভাংচুর করে জীবন্ত মানুষ মেরেছে। তারপরও তাদের নেতাদের বিরুদ্ধে এভাবে মামলা দেওয়া হয়নি,” বলেন সাবেক প্রধানমন্ত্রী।
কাপাসিয়ার ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে এই জনসভায় গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহসহ আশ-পাশের এলাকা থেকে নেতা-কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে যোগ দেয়।
বিকাল সাড়ে ৩টার মধ্যে জনসভাস্থল ভরে যায়, খালেদা জনসভাস্থলে পৌঁছান সোয়া ৪টায়। মাঠের আশ-পাশের গাছেও উঠে জনসভায় নেতাদের বক্তব্য শুনতে দেখা যায় অনেককে।
জনসভার চারপাশে বিভিন্ন স্থানে জিয়াউর রহমান ও তারেক রহমানের বড় প্রতিকৃতি টানানো ছিল। নেতাদের ছবি সম্বলিত বড় বেলুনও মাঠের চারপাশে ওড়ানো হয়।
ঢাকা থেকে কাপাসিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে খালেদাকে অভিনন্দন জানিয়ে কয়েকশ তোরণ ও ব্যানার-ফেস্টুন টানানো হয়।
তবে শ্রীপুরের মীর সুপার মার্কেট, ধলাদিয়া বাজার, রাজাবাড়ি বাজার প্রভৃতি স্থানে বিএনপির নির্মিত তোরণ ভাঙা ও ব্যানার-ফেস্টুন ছেড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
কাপাসিয়া এলাকার উন্নয়নে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ’র ভূমিকার কথা তুলে ধরে আগামীতে তার প্রতি সমর্থনও চান খালেদা জিয়া।
স্থানীয় বিএনপি সভাপতি খলিলুল রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা হাসানউদ্দিন সরকার, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
জনসভায় ৪৫ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা, অর্থনীতি, দুর্নীতি, আইনশৃঙ্খলা, নিখোঁজ ইলিয়াস আলীসহ ‘গুম’ ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন।
‘
সাগর-রুনির খুনিদের পার করেছে সরকার’
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের জন্য দায়ীরা বিদেশে পালিয়ে গেছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা। এই হত্যাকাণ্ড চাপা দিতে সরকারের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
খালেদা বলেন, “সাগর-রুনি হত্যার পেছনে গভীর রহস্য রয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির তথ্য এই সাংবাদিক দম্পত্তির কাছে ছিল বলেই তাদের হত্যা করা হয়েছে।
“স্বরাষ্ট্রমন্ত্রী বড় গলায় বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরা হবে। কিন্তু তারাই (সরকার) হত্যাকারীকে বিদেশে পার করে দিয়েছেন।”
গত ১১ ফেব্রুয়ারি নিহত সাংবাদিক দম্পতির খুনি গ্রেপ্তার কিংবা চিহ্নিত করার কাজটি এখনো পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে আদালতের অসন্তোষের তদন্তের দায়িত্ব পেয়েছে র্যাব।
খালেদা অভিযোগ করেন, সাগর-রুনি হত্যার সব আলামত পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে।
‘
গুমে রয়েছে বিশেষ বাহিনী’
বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে দাবি করে খালেদা বলেন, “সরকার গুম-হত্যাকাণ্ডের জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছে। এতে সরকারি দলের ক্যাডার, র্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য রয়েছে। এই বাহিনীর কাজ হচ্ছে, দেশের রাজনৈতিক কর্মী ও জনপ্রিয় নেতাদের গুম ও খুন করা।”
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে গঠিত র্যাব প্রসঙ্গে তিনি বলেন, “র্যাব গঠন করা হয়েছিল দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের জন্য। আজ তাদের গুম করার কাজে ব্যবহার করা হচ্ছে।”
“এই সরকার বিদায় নেওয়ার পর গুম-হত্যা ঘটনার সঙ্গে জড়িত প্রতিটি সদস্যকে আদালতে হাজির করে বিচার করা হবে,” হুঁশিয়ার করেন বিএনপি চেয়ারপারসন।
‘
আ. লীগ সম্মান দিতে জানে না’
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের পাশাপাশি কাপাসিয়ার আওয়ামী লীগ সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ সরকারের বৈরী আচরণের স্বীকার বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা।
“আওয়ামী লীগ কাউকে সম্মান দিতে জানে না। দেশের মুক্তিযোদ্ধা তাজউদ্দীন আহমদ ও তাদের পরিবারকে তারা সম্মান দেয়নি। নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সরকার প্রতিনিয়ত অপমান করেছে,” বলেন তিনি।
খালেদা বলেন, “তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ এই সরকারের দুর্নীতির কারণে মন্ত্রী ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ‘সময় এলে সব কিছু খুলে বলবেন’। আওয়ামী লীগ একটি বেঈমান, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ সরকার।”
বেসরকারি ব্যাংকের অর্থের উৎস নিয়ে প্রশ্ন
নতুন নয়টি বেসরকারি ব্যাংকের অনুমোদন দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে অভিযোগ করে এর অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা বলেন, “প্রতিটি ব্যাংক অনুমোদন পেতে বৈধ ৪০০ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা দিতে হয়। নতুন ব্যাংকের মালিকরা কীভাবে এই অর্থ অর্জন করেছেন? খোঁজ নিয়ে দেখুন, এনবিআরে তাদের সম্পদের হিসাবের সঙ্গে জমা দেওয়া ৪০০ কোটি টাকার মিল আছে কি না।”
“আমরা মনে করি, পুঁজিবাজারে লুট করা অর্থ নিয়ে তারা ওই সব ব্যাংকের মালিক হয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ওই সব টাকার হিসাব নেওয়া হবে,” বলেন তিনি।
সরকার দুর্নীতিতে ‘নিমজ্জিত’ দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “বিদেশিরা তাদের দুর্নীতির কারণে পদ্মাসেতু নির্মাণে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। একইভাবে বিদ্যুৎখাতে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে কুইক মানি অর্জন করেছে সরকারের লোকজন।”
ভবিষ্যতের প্রতিশ্রুতি
বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কী কী করবে, তার একটি সংক্ষিপ্ত রূপরেখা জনসভায় তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “যুব সমাজের কর্মসংস্থান, মুসলিম ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে আমরা কাজ করব।”
“সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী ঢাকা সফরকালে আমার সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, ভারত কোনো বিশেষ দলের সঙ্গে সম্পর্ক নয়, জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়। এই সরকারের সঙ্গে জনগণ নেই,” বলেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/২১৩১ ঘ.
bdnews24