শরীয়তপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডাকাতিতে জড়িত অভিযোগে শুক্রবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে বয়রাচর গ্রামে বাসেদ গাজীর বাড়িতে এই ডাকাতি হয়।
গ্রেপ্তাররা হলেন ভেদরগঞ্জের কোড়ালতলী গ্রামের আনোয়ার সরদার (২৬), ডিএম খালীর নান্টু (৩০), নড়িয়া উপজেলার চণ্ডিপুরের রুবেল (২৫), খড়কড়া গ্রামের রাশেদ খান (২৬) এবং উপসি গ্রামের স্বপন ঢালী (২৮)।
ভেদরগঞ্জ থানার ওসি সুব্রত কমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০/১২ জন ডাকাত বাসেদ গাজীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুট করে।
শুক্রবার সকালে সন্দেহভাজন হিসেবে আনোয়ার সরদারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই বাড়ির লোকজন থানায় এসে আনোয়ারকে ডাকাত হিসেবে শনাক্ত করলে তিনি ডাকাতি করার কথা স্বীকার করেন।
পরে তার সহায়তায় রাতে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বাসেদ গাজী বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮৫২ ঘ.
bdnews24