২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের নম্বর থেকে ‘ফোন এসেছে’

নিখোঁজ এম ইলিয়াস আলীর মোবাইল নম্বর থেকে ফোন পাওয়ার দাবি করেছেন বিএনপি নেতার এলাকার এক যুবদল নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

মনজুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিলেট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ এম ইলিয়াস আলীর মোবাইল নম্বর থেকে ফোন পাওয়ার দাবি করেছেন বিএনপি নেতার এলাকার এক যুবদল নেতা। সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৮ মিনিটে ইলিয়াসের নম্বর থেকে তার ফোনে কল আসে। তিনি বলেন, ওই সময় অন্য একটি নম্বরে কথা বলায় তিনি ইলিয়াসের কলটি ধরতে পারেননি। পরে ‘মিসডকল’ দেখে কল করে নম্বরটি বন্ধ পান। ২৩ দিন আগে ইলিয়াস নিখোঁজ হওয়ার সময় থেকে তার নম্বরটি (০১৭৩২২৯৩৭৪৪) বন্ধ রয়েছে। এই নম্বর থেকেই কল এসেছে বলে দাবি করেন লতিফ। ইলিয়াস অনুসারী বলে পরিচিত লতিফের কাছ থেকে খবর পেয়ে অনেকে ওই নম্বরে ফোন করেন। বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ৫টা ২৫ মিনিটে কল করে ইলিয়াসের মোবাইল নম্বরটি খোলা পান। তবে কয়েকবার রিং হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। বিশ্বনাথ এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াসের এই মোবাইল নম্বরটিই স্থানীয় নেতা ও সাংবাদিকদের কাছে রয়েছে। এই নম্বরেই তার সঙ্গে যোগাযোগ করতেন তারা। ইলিয়াস নিখোঁজের পর বিএনপির ডাকা হরতালে বিশ্বনাথে ব্যাপক সংঘাত ঘটে। এতে পুলিশের করা মামলায় লতিফ ও শামসুদ্দিনও আসামি। দুজনের একজনও বিশ্বনাথে অবস্থান করছেন না। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। বনানীতে তার বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে গভীর রাতে তার গাড়ি পাওয়া যায়। তবে পাওয়া যায়নি ইলিয়াস এবং তার গাড়িচালক আনসার আলীকে। গাড়িতে পাওয়া আনসারের ফোন থেকে গাড়িটি ইলিয়াসের বলে নিশ্চিত হওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। ইলিয়াসের সন্ধানে ঢাকা, গাজীপুরের পূবাইল, চাঁদপুরসহ কয়েকটি স্থানে অভিযান চালালেও পাওয়া যায়নি বিএনপি নেতাকে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছিলেন, সর্বশেষ ঢাকার ইস্কাটন এলাকায় ইলিয়াসের মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করতে পেরেছেন তারা। বিএনপি শুরু থেকে বলে আসছে, ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি বলেছেন, ‘র‌্যাবের লোকরা’ ইলিয়াসকে ধরে নিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হচ্ছে, বিএনপি নেতাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। স্বামীর সন্ধানে গত ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। প্রধানমন্ত্রীও বিএনপি নেতাকে খুঁজে বের করার আশ্বাস দেন। তাহসিনা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “এক সপ্তাহ হয়ে গেল, প্রধানমন্ত্রীর সেই আশ্বাস নিয়ে আছি। কিন্তু কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এখন আশাহত হয়ে যাচ্ছি।” তাহসিনা মনে করেন, রাজনৈতিক কারণেই নিখোঁজ হয়েছেন তার স্বামী। “আমার স্বামীকে যারাই নিয়ে যাক, সরকারের তা জানা থাকতে হবে,” বলেন তিনি। ইলিয়াসের অন্তর্ধান নিয়ে দেশের রাজনৈতিক মহলের পাশাপাশি কূটনীতিকরাও উদ্বেগ প্রকাশ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০০ ঘ.