২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গঠন: কামারুজ্জামান পক্ষ বলবে ১৩ মে

জামায়াতে ইসলামী নেতা মো. কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানিতে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন বিভাগ। আগামী ১৩ মে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা মো. কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানিতে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন বিভাগ। আগামী ১৩ মে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। গত ১৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে মামলাটি স্থানান্তরের পর মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। প্রসিকিউটর সাইফুল ইসলাম অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনা তুলে ধরেন। এসব ঘটনায় গণহত্যার ষড়যন্ত্র, গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতনসহ নয় ধরণের অপরাধের অভিযোগ আনা হয়েছে। কামারুজ্জামানকে একাত্তরে বৃহত্তর ময়মনসিংহ এলাকার প্রধান আল বদর নেতা হিসেবে উল্লেখ করে অভিযোগ গঠনের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন প্রসিকিউটর। গত ৩১ জানুয়ারি কামারুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এর আগে ১৫ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ এ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের এ নেতার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। ওই বছরের ২ অগাস্ট মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/১৯৪৮ ঘ.