২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই আদালতে হবে, রাজপথেও: ফখরুল

হরতালের মামলায় আসামি হয়ে আত্মগোপনে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে হয়রানি না করতে হাই কোর্টের আদেশের পর প্রকাশ্য হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় আসামি হয়ে আত্মগোপনে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে এসে বলেছেন, আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও বিএনপির আন্দোলন চলবে। বিএনপি নেতাদের হয়রানি না করতে হাই কোর্টের নির্দেশের পর সোমবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে সকালে হাই কোর্টে গিয়ে ফখরুলসহ বিএনপি নেতারা জামিনের আবেদন করেন। তাতে একটি বেঞ্চের বিভক্ত আদেশ হলেও তাদের হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়। গত ২৯ এপ্রিল হরতালে গাড়ি পোড়ানো এবং বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ ফখরুলসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা করে। এরপর বাসায় পুলিশি অভিযান হলে আত্মগোপনে যান ফখরুল, যা ‘কৌশল’ বলে দাবি করেছেন বিএনপি নেতারা। ফখরুল বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সরকার ভিত্তিহীন ও মিথ্যা মামলা দিয়েছে। হাই কোর্টের আদেশে আমরা আপতত মুক্তাবস্থায় আছি। মামলার বিষয়ে আমাদের আইনি লড়াই চলবে। একই সঙ্গে জনগণের রাজপথের আন্দোলনও চলতে থাকবে।” প্রায় এক সপ্তাহ পর সোমবার বিকালে দলীয় কার্যালয়ে পৌঁছলে নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেতা-কর্মীরা ফখরুলকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। মামলার আসামি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালূকদার দুলু , ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও দলীয় কার্যালয়ে যান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকার গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার লক্ষ্যে পুরনো একদলীয় শাসনের কায়দায় বিরোধী দলের ওপর নির্যাতনের পথ বেছে নিয়েছে।” হরতালের মামলায় গ্রেপ্তার দলের নেতা রুহুল কবির রিজভী, কামরুজ্জামান রতন, মহিলা দলের রেহানা আখতার ডলিসহ নেতা-কর্মীদের মুক্তিও দাবি করেন তিনি। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধার দাবিতে ওই হরতাল ডেকেছিল বিএনপি, যাতে মামলায় পড়েন ফখরুলসহ অন্যরা। ফখরুল বলেন, “সরকার নিখোঁজ ইলিয়াস আলীকে এখনো তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। এই সরকারের ২৭ মাসে ৯৭ জন গুম হয়েছে।” বিএনপি দাবি করে আসছে, ইলিয়াসকে সরকারই ‘গুম’ করেছে। তবে সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯০০ ঘ.