২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবারও বিক্ষোভ করবে বিএনপি

দুই সপ্তাহে পাঁচ দিন হরতালের পর এ নিয়ে তৃতীয় দফায় বিক্ষোভ কর্মসূচি দিল বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবি এবং নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি। রোববার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত দুই সপ্তাহে পাঁচ দিন হরতালের পর নেতাদের বিরুদ্ধে মামলার পর বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল বিএনপি। হরতালের পর এ নিয়ে তৃতীয় দফা বিক্ষোভ কর্মসূচি দেওয়া হল। মওদুদ বলেন, “সরকার দমন নির্যাতন চালিয়ে চলমান আন্দোলনকে বন্ধ করার কৌশল নিয়েছে, এতে কাজ হবে না। আমরা সরকারকে বলে দিতে চাই, নিখোঁজ ইলিয়াস আলীকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন।” “নইলে কঠোর কর্মসূচির পথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না,” সরকারকে হুঁশিয়ার করেন তিনি। নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেরনে ছিলেন মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, সালাহউদ্দিন আহমেদ। ১৮ দলীয় জোটের নেতা মোস্তাফিজুর রহমান ইরান, শাহাদাত হোসেন সেলিমও ছিলেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনের পর মওদুদসহ বিএনপির আইনজীবী নেতারা গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। মওদুদের সঙ্গে ছিলেন মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ। চট্টগ্রামে বিক্ষোভ এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে জেলা পরিষদ চত্বরে সমাবেশ করে বিএনপি। এতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশ বাঁচাতে শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। কোতোয়ালি বিএনপি’র সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, মহানগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, দিদারুর রহমান লাভু, ইসমাইল বালি, ইয়াছিন চৌধুরী আছু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৯৪১ ঘ.