২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুল হত্যার তদন্ত জরুরি: হিলারি

সফর শেষে বিদায়ের আগে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার তদন্ত না হলে বিদেশি ক্রেতারা ‘ভুল সংকেত’ পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, গার্মেন্ট শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার তদন্ত না হলে বিদেশি ক্রেতারা ‘ভুল সংকেত’ পাবে। দুই দিনের সফর শেষে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগের আগে রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন হিলারি। তিনি বলেন, “তৈরি পোশাক খাতে কিছু সমস্যা আপনারা দেখাতে পাচ্ছেন, যেগুলোর সমাধান করা জরুরি। শ্রমিক নেতা খুন হওয়ার ঘটনা বা কারখানায় কাজের যথাযথ পরিবেশ না থাকায় বাংলদেশের ভাবমূর্তি সংকটে পড়–ক- তা নিশ্চই আপনারা চান না।” আমিনুল ইসলাম হত্যার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গার্মেন্টস শ্রমিকদের সংগঠন বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের আশুলিয়া অঞ্চলের সভাপতি আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল সাভার থেকে নিখোঁজ হন। এর দুদিন পর টাঙ্গাইল থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পরদিনই ‘বেওয়ারিশ’ হিসাবে দাফন করা হয় আমিনুলের লাশ। পরদিন পত্রিকার ছবি দেখে তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কবর থেকে লাশ তুলে পুনরায় দাফন করা হয় আমিনুলকে। ‘এ কনভারসেশন উইথ বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘বাংলাদেশে জাতীয় সম্পদ’ হিসাবে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “তাদের হতে গড়া প্রতিষ্ঠানকে বিশ্বের সেরা দুটি উন্নয়ন সংস্থা হিসাবে বিবেচনা করা হয়।” গ্রামীণ ব্যাংকে ইউনূসের পদ নিয়ে ‘বিরোধের’ বিষয়টি ওয়াশিংটন থেকে লক্ষ্য করেছেন জানিয়ে হিলারি বলেন, তিনি আশা করেন, সরকার এমন কিছু করবে না যাতে গ্রামীণ ব্যাংকের উন্নতি বাধাগ্রস্ত হয়। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারির পারিবারিক বন্ধু হিসাবে পরিচিত। মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে গত বছরের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের পদ থেকে ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। আইএসডিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গুলশানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার বাসভবনে আবেদ ও ইউনূসের সঙ্গে বৈঠক করেন হিলারি। সেখানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়েও আলোচনা হয়। দুই দিনের সফরে শনিবার বিকালে ঢাকায় পৌঁছান হিলারি ক্লিনটন। রাতেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ প্রসঙ্গে হিলারি অনুষ্ঠানে জানান, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, তাদের একসঙ্গে বসে একটি সমাধান বের করা উচিৎ। রোবাবর দুপুরে আইএসডির অনুষ্ঠান শেষ করেই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন হিলারি। এর আগে ১৯৯৫ সালে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৩১২ ঘ.