ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিলারির সঙ্গে বৈঠকে এম ইলিয়াস আলী অন্তর্ধাণের পাশাপাশি দেশে বিরোধী দলের ওপর ‘দমন-পীড়নের’ কথা তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে ওই বৈঠকের সময় ইলিয়াসের আট বছর বয়সি মেয়ে সাইয়ারা নাওয়ালও খালেদার সঙ্গে ছিলেন। সে হিলারি ক্লিনটনকে একটি চিঠিও দিয়েছে।
বিকালে ঢাকায় আসা হিলারি সন্ধ্যায় দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যান তিনি এবং এক ঘণ্টা বৈঠক করেন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস নিখোঁজ হওয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে ঢাকায় এলেন হিলারি। বিএনপির দাবি, ইলিয়াসকে ‘গুম’ করেছে সরকার।
খালেদার সঙ্গে বৈঠকে থাকা বিএনপির সহসভাপতি ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “হিলারি ক্লিনটন অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি জানতে চেয়েছিলেন, চেয়ারপারসন সার্বিক পরিস্থিতি বিশেষ করে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি তুলে ধরেন।”
একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বও খালেদা জিয়া তুলে ধরেন বলে বিএনপি নেতা জানান।
শমসের মবিন বলেন, “তিনি (হিলারি) বিরোধীদলীয় নেতাকে বলেন, ‘বাংলাদেশে গুম বিশেষ করে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে সরকারকে আমি আমার উদ্বেগের কথা বলেছি। এরকম গুমের ফলে দেশে ভয়ভীতির সৃষ্টি হয়েছে। আমি সরকারকে নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে বের করে স্বশরীরে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার কথা বলেছি’।”
ইলিয়াসের বিষয়টি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উভয়ের সঙ্গে বৈঠকে হিলারি তুলে ধরেন বলে বিরোধীদলীয় নেতাকে জানিয়েছেন।
শমসের মবিন জানান, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ওপর জোর দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদূত।
“যুক্তরাষ্ট্র চায়, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। তিনি (হিলারি) মনে করেন, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের উপায় খুঁজে বের করার জন্য সব রাজনৈতিক দলের মধ্যে সংসদের ভেতরে-বাইরে আলোচনা হতে পারে,” বলেন বিএনপি নেতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে খালেদার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও শমসের মবিন।
এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা থাকলেও হরতালের মামলার পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছেন তিনি, ‘যা একটি কৌশল’ বলে আসছেন বিএনপি নেতারা।
শমসের মবিন বলেন, “ফখরুলসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার বিষয়টি হিলারিকে অবহিত করা হয়। খালেদা জিয়া বলেছেন, ‘আমাদের মহাসচিব মামলার কারণে বৈঠকে আসতে পারেননি।”
যৌথ সংবাদ সম্মেলনে হরতালের বিপক্ষে অবস্থান প্রকাশ করা হিলারিকে বিরোধীদলীয় নেতা বলেছেন, “আমরা ধ্বংসাত্মক কর্মসূচি দিতে চাই না। আদালতে গিয়েও আমরা প্রতিকার পাচ্ছি না। আদালতকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।”
“এমন আচরণকে (সরকারের) হিলারি দুঃখজনক বলেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই পরিস্থিতির পরিবর্তন হবে,” বলেন শমসের মবিন।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। আগামীতে ক্ষমতায় গেলে বিএনপির জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায় বলে হিলারিকে জানিয়েছেন খালেদা জিয়া।
বৈঠকে হিলারির সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী রবার্ট ব্লেক, ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ দূতাবাসের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০৪১ ঘ.
bdnews24