ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিলারি ক্লিনটন ও প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের বিরুদ্ধে লেখা প্রচারপত্র বিলি করার সময় রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মামুনুর রশিদ, ইমরান আলী, শফিউর রহমান, ফয়সাল ও মাইনুদ্দিন। গ্রেপ্তারদের মধ্যে শফিউর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বাকিরা ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানায়।
শনিবার বিকালে নীলক্ষেত থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের বিরুদ্ধে লেখা প্রচারপত্র বিলি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জঙ্গি তৎপরতার অভিযোগে আড়াই বছর আগে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২২৩৫ ঘ.
bdnews24