২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইনশৃঙ্খলা বাহিনীকে আদালত থেকে যেতে বলুন’

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিনে বাধা দিতে পুলিশ ও র‌্যাব দিয়ে সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিনে বাধা দিতে পুলিশ ও র‌্যাব দিয়ে সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “কয়েকদিন ধরে পুলিশ-র‌্যাব দিয়ে সরকার সুপ্রিম কোর্ট অবরুদ্ধ করে রেখেছে, যাতে বিএনপি নেতারা কেউ আদালতে আসতে না পারেন।” “আমরা প্রধান বিচারপতির প্রতি অনুরোধ রাখব, সংবিধানের ও সুপ্রিম কোর্টের অভিভাবক হিসেবে দয়া করে এই সর্বোচ্চ প্রতিষ্ঠানের মান-মর্যাদা রক্ষা করুন। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে চলে যেতে বলুন,” দাবি জানান মওদুদ। এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে গত সপ্তাহে বিএনপির ডাকে হরতালের সময় সচিবালয়ে হাতবোমার বিস্ফোরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীর শাহ্বাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা হয় গত রোববার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীদের এত আসামি করা হয়। এ দুটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আরেক যুগ্মমহাসচিব ও আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তবে হাইকোর্টোর একটি বেঞ্জ বিএনপির অন্য নেতাদের জামিন আবেদন শুনতে বিব্রত বোধ করায় মির্জা ফখরুলসহ বাকিরা ‘আত্মগোপনে’ রয়েছেন। এ প্রসঙ্গ টেনে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “সরকারকে বলে দিতে চাই- মামলা কিংবা গ্রেপ্তারের ভয় দেখিয়ে চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না। এটা এখন বিএনপির হাতে নেই, জনগণের আন্দোলনে পরিণত হয়েছে।” “আন্দোলন যে পর্যায় পৌঁছেছে, তাতে গণবিস্ফোরণ ঘটবে। সময় থাকতে সরকারকে তা উপলব্ধি করার অনুরোধ জানাচ্ছি”, হুঁশিয়ার করেন তিনি। ‘বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এ আলোচনা সভায় দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ন হ আখতার হোসেন, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১১০ ঘ.