২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের বেদখল জমির হিসাব চাইলেন মন্ত্রী

রেলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এই সংস্থার বেদখল জমির হিসাব চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 07:09 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এই সংস্থার বেদখল জমির হিসাব চেয়েছেন। তিনি বৃহস্পতিবার চট্টগ্রামে এসে সাংবাদিকদের বলেন, “প্রায় সাড়ে পাঁচ হাজার একর জমি বেদখল হয়েছে। বছরের পর বছর ধরে কর্মকর্তারা রেলের উন্নতি না করে নিজেদের পকেট ভারী করেছেন।” “অতীতে রেলের জায়গা-জমি হরিলুট হয়েছে। দুর্নীতিবাজরা রেলকে গলা পর্যন্ত গিলে ফেলেছে, আর গিলতে দেওয়া যায় না,” বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের রেলওয়ে পূর্বাঞ্চলের কত সম্পদ হরিলুট হয়েছে নতুন জিএম-এর কাছে তার হালনাগাদ হিসাব চেয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় রেলমন্ত্রী এক সফরে মহানগর প্রভাতীতে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। এরপর তিনি নগরীর পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের কারখানা পরিদর্শনে যান। সেখান থেকে নগরীর ঝাউতলা এবং আকবর শাহ কলোনি এলাকায় রেলের বেদখল হওয়া জমি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকাল পৌনে ৫টায় পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের সভাকক্ষে কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রেলে অনেক সৎ লোকও আছে স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, তারা কোণঠাসা হয়ে আছে। কিছু লোক অপকর্ম করে এবং সবাইকে এর ভাগীদার হতে হয়। সাবেক রেলমন্ত্রীর এপিএসের অর্থ কেলেঙ্কারির বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “তদন্ত শেষ হোক, দেখুন কী হয়।” ৫ হাজার নতুন নিয়োগে বিজ্ঞপ্তি রেলমন্ত্রী ওবায়দুল কাদের পূর্বাঞ্চলের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ৭২০০ জনের মধ্যে ইতোমধ্যে ১৩০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। দুই-এক সপ্তাহের মধ্যে আরো পাঁচ হাজার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামী কয়েকমাসের মধ্যে প্রায় ১১ হাজার নিয়োগ শেষ করা হবে বলেও জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/০১০৪ ঘ.