২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতাল বিএনপিও চায় না, তবে বাধ্য হয়’

হরতাল নিষিদ্ধে আইন করতে ব্যবসায়ী মহলের দাবির প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ায় তারা হরতাল ডাকতে ‘বাধ্য’ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল নিষিদ্ধে আইন করতে ব্যবসায়ী মহলের দাবির প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ায় তারা হরতাল ডাকতে ‘বাধ্য’ হয়েছেন। হরতালে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা আন্দোলন আরো চাঙা করবে বলে দাবি করেন তিনি। হরতাল নিষিদ্ধে আইন তৈরির দাবি বৃহস্পতিবার সকালেই তোলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। এরপর বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ বলেন, “ব্যবসায়ী নেতাদের বলব, আমরাও হরতাল চাই না। আপনারা সরকারকে বলুন, ইলিয়াস আলীকে ছেড়ে দিতে। আমরা এই মুহূর্ত থেকে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেব।” “দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই হরতালের মতো কর্মসূচিতে যেতে সরকারই আমাদের বাধ্য করেছে,” যোগ করেন তিনি। ১৭ দিন ধরে নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন এবং এই সপ্তাহে দুই দিন হরতাল ডাকে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “গত সোয়া তিন বছরে বিএনপি ইলিয়াস আলীর ইস্যু ছাড়া মাত্র আটটি হরতাল দিয়েছে। কিন্তু ২০০১-২০০৬ সালে বিরোধী দল আওয়ামী লীগ সোয়া তিন বছরে ৯৮টি হরতাল করেছিল।” গত হরতালে গাড়ি পোড়ানো ও বোমা বিস্ফোরণের ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন তিনি। এজন্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মিথ্যা মামলা দিয়ে সরকার আন্দোলনের কোনো ক্ষতি করতে পারেনি, বরং চাঙা হবে। এটা দেশের মানুষও পছন্দ করেনি।” সরকারকে আলোচনার পথে আসার আহ্বান জানিয়ে সংসদ সদস্য মওদুদ বলেন, “আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়ার ঘোষণা দিলে বিএনপি সরকারকে আগামী দেড় বছর আর ‘ডিস্টার্ব’ করবে না।” ‘ প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমছে’ প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমছে এবং তা তিনি জানতে পারছেন না বলে দাবি করেন মওদুদ। “প্রধানমন্ত্রী দেশের মানুষের অনুভূতির কথা জানতে পারছেন না। তার সরকারের গোয়েন্দারা সঠিক তথ্য বলছেন না,” বলেন তিনি। এইচ এম এরশাদের সরকারের পর খালেদা জিয়ার মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করা মওদুদ বলেন, “আমিও অনেক বার ক্ষমতায় ছিলাম। দেখেছি, কীভাবে বলা হয়-‘স্যার আপনার জনপ্রিয়তা বাড়ছে’। গোয়েন্দাদের ওই প্রতিবেদনগুলো এভাবে লেখা হয় যে সঠিক কথা উঠে আসে না।” আলোচনা সভায় মওদুদ ছাড়াও বক্তব্য রাখেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শামসুজ্জামান দুদু, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, খালেদা ইয়াসমীন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১০০ ঘ.