২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেট্রো রেল নিয়ে জাপানের সঙ্গে আলোচনা হবে’

মেট্রো রেল ও দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে ঢাকা সফররত জাপানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ৭০ কোটি ডলার ঋণের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেট্রো রেল ও দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পে ৭০ কোটি ডলার ঋণের জন্য জাপানের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাপানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে ঋণ প্যাকেজের বিষয়ে আলোচনা হবে।” জাপানের উপ-প্রধানমন্ত্রী কাৎসুইয়া ওকাদা দুই দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন। সন্ধ্যায় তার সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দীপু মনি বলেন, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিরা বৈঠকে থাকবেন, যাতে অর্থনৈতিক অংশিদারিত্ব চুক্তি নিয়েও আলোচনা হবে। এখন পর্যন্ত জাপান ১০ বিলিয়ন ডলারের অর্থ সাহায্য দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশে জাপানের বিনিয়োগ নিয়েও আলোচনা হবে। “২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় নেওয়া ১৯ দফা ঘোষণার অগ্রগতি নিয়েও আমরা কথা বলব”, যোগ করেন তিনি। বর্তমানে জাপান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে ৫০ কোটি ডলারের পণ্য। বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও আশুলিয়ায় একটি জাপানি কারখানা পরিদর্শনের কথা রয়েছে জাপানি উপ-প্রধানমন্ত্রীর। প্রণবের সফর রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অধিবেশনে যোগ দিতে আগামী ৫ মে ঢাকা আসছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী। তিনি ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে দীপু মনি জানান। জয়েন্ট কমিশন বৈঠক দীপু মনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন ও সহযোগিতার রূপরেখা চুক্তির আওতায় গঠিত যৌথ পরামর্শক কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন-জেসিসি) প্রথম বৈঠকে সভাপতিত্ব করতে ৭ মে নয়া দিল্লি যাবেন তিনি। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের পর এ কমিশনের এটাই প্রথম বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রূপরেখা চুক্তির আওতায় থাকা সব ইস্যু নিয়েই আমারা আলোচনা করব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/জেকে/১৪৫০ ঘ.