ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও কথা বলেছেন বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বুধবার সন্ধ্যা ৭টায় গণভবন থেকে বের হন তাহসিনা। রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যান তিনি।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯টা ৫০ মিনিট পর্যন্ত চেয়ারপারসনের সঙ্গে একান্তে কথা বলেন তাহসিনা।”
গ্রেপ্তার বিএনপি নেতা কামরুজ্জামান রতনের স্ত্রীও রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বলে মারুফ জানান।
বিএনপি নেতারা জানান, তাহসিনা সন্তানদের নিয়ে গণভবন থেকে বেরিয়ে প্রথমে তার বনানীর বাড়িতে যান। সেখান থেকে একাই যান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।
গত ১৭ এপ্রিল ইলিয়াস নিখোঁজের পর তাহসিনা ২১ এপ্রিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তাহসিনা সাংবাদিকদের বলেন, “তিনি আমাদের আশ্বস্ত করেছেন। বলেছেন, আমার স্বামীকে উদ্ধারে সর্বপ্রকার চেষ্টা করবেন।”
প্রধানমন্ত্রী তাহসিনাকে বলেছেন, তার স্বামীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩২০ ঘ.
bdnews24