ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে হরতালের মামলা প্রত্যাহারের দাবিতে আগামী রোববার দেশের প্রতিটি থানায় বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি।
বুধবার নয়া পল্টনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, পরবর্তী কর্মসূচি রোববারই ঘোষণা করা হবে।
ইলিয়াসের সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন এবং এই সপ্তাহে দুই দিন হরতালের পর বুধবার বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল।
এর মধ্যে রোববারের হরতালে গাড়ি পোড়ানো এবং বোমা হামলার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আসামি করে মামলা হলে দাবির মধ্যে মামলা প্রত্যাহারটিও যোগ হয়।
গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মওদুদ বলেন, “ইলিয়াস আলীকে জীবিত ফেরত না দিলে আগামীতে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।”
কর্মসূচি ঘোষণার সময়ে সমবেত কর্র্মীরা ‘হরতাল-হরতাল’ স্লোগান দিতে থাকলে মওদুদ বলেন, “আগামীতে কেবল হরতালই নয়, হরতালের চেয়েও কঠিন কর্মসূচি দেওয়া হবে। এজন্য ধৈর্য ধরতে হবে।”
তিনি বলেন, “সরকার আন্দোলনে ভয় পেয়েছে। তাই একে বন্ধ করতে মিথ্যা মামলা দিয়েছে। এভাবে মামলা দিয়ে বর্তমান আন্দোলনকে বন্ধ করা যাবে না।”
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিজেপি মহাসচিব শামীম আল মামুন, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমও সমাবেশে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১২ ঘ.
bdnews24