ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিনের জন্য হাইকোর্টে ফের আবেদন করবে বিএনপি।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ১৩ আইনজীবীর বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান ব্যারিস্টার শাহজাহান ওমর।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে এক ঘণ্টার ওই বৈঠকের পর ব্যারিস্টার শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাইকোর্টের আগাম জামিন আবেদনসহ আমাদের দলের নেতাদের বিরুদ্ধে সরকারের দায়ের করা ‘মিথ্যা ও বানোয়াট’ মামলার বিষয় নিয়ে চেয়ারপার্সনের সঙ্গে আলোচনা হয়েছে। আদালত আবার বসলে আমরা নেতাদের আগাম জামিনের বিষয় নিয়ে অগ্রসর হব।”
হরতালের দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিনের জন্য আইনজীবীরা বুধবার হাইকোর্টে আবেদন করলে একটি বেঞ্চ তা শুনতে বিব্রত বোধ করে। আরেকটি বেঞ্চ ‘শোনার এখতিয়ার নেই’ জানিয়ে আবেদন ফিরিয়ে দেয়। এরপর করণীয় ঠিক করতে দুপুরে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন এই ১৩ আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী টি এইচ খানের নেতৃত্বে¡ এই দলে বিএনপি নেতা মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদিন, মীর মো. নাসির উদ্দিন, আবদুর রাজ্জাক ও নিতাই রায় চৌধুরীও ছিলেন।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়।
এই দুই মামলায় ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আসামি করা হয়েছে।
মামলা হওয়ার দিনই হরতালের মধ্যে জামিনের জন্য বিশেষ পদক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে নিস্ফল হন বিএনপির আইনজীবীরা।
মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপি সমর্থক আইনজীবীরা জামিন আবেদনের শুনানির জন্য হাই কোর্টের বিশেষ বেঞ্চ বসানোর অনুরাধ করলেও প্রধান বিচারপতি তাতে সাড়া দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬৩০ ঘ.
bdnews24