২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের অভিযোগ গঠন ফের পেছাল

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- তা জানাতে ১৩ মে নতুন দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- তা জানাতে ১৩ মে নতুন দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন নির্ধারিত থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল নতুন এই দিন ঠিক করে দেন। এর আগে গত ১৭ এপ্রিলও আদেশের সময় এক দফা পেছানো হয়। গোলাম আযমকে বাসার খাবার সরবরাহ করার বিষয়ে ট্রাইব্যুনাল গত ৬ মার্চ শর্ত সাপেক্ষে যে আদেশ দিয়েছিল- তার সংশোধন চেয়ে জামায়াতের সাবেক আমীরের আইনজীবীদের একটি আবেদনও বুধবার খারিজ করে দেয় আদালত। আগের ওই আদেশে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেছিলেন, গোলাম আযমকে তার পরিবার খাবার সরবরাহ করতে পারবে, তবে তা হতে হবে ‘নিজেদের ঝুঁকিতে’। ওই খাবারের কারণে গোলাম আযমের শারীরিক অবস্থার কোনো ধরনের অবনতি ঘটলে তার জন্য কারা বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউই দায়ী থাকবে না। এ নিয়ে কোনো প্রশ্নও তখন তোলা যাবে না। ওই আদেশ থেকে এসব শর্ত প্রত্যাহারের জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ করেন জামায়াতের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই আবেদন খারিজ করে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আগের আদেশের অংশ বিশেষ প্রত্যাহারের কোনো কারণ আদালত দেখছে না। এছাড়া আদালতের আগের অবস্থান থেকে সরে আসার জন্য নতুন কোনো কারণও আসামির আইনজীবীরা তুলে ধরতে পারেননি। “এ কারণে আবেদনটি খারিজ করা হলো,” বলেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক। গোলাম আজমকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে তার আইনজীবীদের আবেদনের শুনানি গত ২৯ মার্চ শেষ হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে ৫২ দফা যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন বিভাগ। সাবেক এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও ছিল তার। একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তিনি আবার বাংলাদেশে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/জেকে/১৭৫৪ ঘ.