ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলার আসামি আবুল কালাম আজাদকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে ড. ইউসুফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাসা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইউসুফকে গ্রেপ্তার করা হয়।
“এপ্রিলের শুরুতে আবুল কালাম আজাদ পালিয়ে যাওয়ার সময় থেকেই ড. ইউসুফের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমরা খবর পাই, সকালে তিনি বাসায় আসছেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে”, বলেন সোহায়েল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৩ এপ্রিল আবুল কালামকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে, যাকে একাত্তরে ফরিদপুরের মানুষ চিনতো বাচ্চু রাজাকার নামে।
পরোয়ানা জারির পর উত্তরায় আজাদের অফিস এবং উত্তর খানে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর আজাদের খোঁজ জানতে গ্রেপ্তার করা হয় তার দুই ছেলে শাহ মোহাম্মদ ফয়সাল আজাদ (৩৬), আবুল কাশেম মুহাম্মদ মুশফিক বিল্লাহ জিহাদ (৩৪) এবং শ্যালক কাজী এহতেশামুল হক লিটনকে।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ৯ এপ্রিল র্যাব জানায়, গোয়েন্দা নজরদারির মধ্যেও আজাদ হুলিয়া মাথায় নিয়ে পাকিস্তানের যাওয়ার জন্য ভারতে পালিয়েছেন।
এম সোহায়েল সেদিন জানান, আজাদ গত ৩০ মার্চ ঢাকা ছাড়েন এবং ২ এপ্রিল উত্তরাঞ্চলের হিলি সীমান্ত দিয়ে ভারতে যান। আর তাকে গাড়িতে করে হিলি সীমান্তে নিয়ে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. ইউসুফ।
আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিউকিউশন বলছে, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে আজাদ সহযোগীদের নিয়ে ফরিদপুর সদর, বোয়লামারী, নগরকান্দা, মধুখালী, কামারখালীসহ বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২৪৫ ঘ.
bdnews24