২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের রাজনীতি করে বিএনপি: হাসিনা

“দেশ ও মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না,” টঙ্গীর সমাবেশে বলেছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

গাজীপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকার আমলে আহসানউল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনাগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হত্যা ও খুনের রাজনীতি বিশ্বাস করে। মে দিবসে মঙ্গলবার টঙ্গীতে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই টঙ্গী এলাকার সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে স্মরণ করেন। শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করেন তিনি। হরতালের আগে বাসে আগুন দেওয়ায় চালকের মৃত্যুর ঘটনা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, “আন্দোলন করুন ভালো, কিন্তু মানুষ পুড়িয়ে মারবেন কেন? একজন মুসলমান আরেকজন মুসলমানকে পুড়িয়ে মারে কী করে?” শেখ হাসিনা বলেন, “৭৫-এর পর দেশের মানুষের ভাগ্য নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে। দেশ ও মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না।” সংবিধান সংশোধনের মাধ্যমে অবৈধ পন্থায় ক্ষমতা দখলের পথ বন্ধ করার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা সংবিধান সংশোধন করে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিয়েছি। বাংলাদেশ গণতান্ত্রিকভাবে চলবে। এর বাইরে কিছু নয়।” উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে হরতাল দেওয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “উনি (খালেদা জিয়া) একবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন। উর্দু আর অংক ছাড়া সব বিষয়ে ফেল মেরেছিলেন। তাই উনি চান না, আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখুক।” টেলিফোন শিল্প সংস্থার মাঠের এই জনসভা শ্রমিক সমাবেশ বলা হলেও গাজীপুর জেলার সব এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা এতে যোগ দেয়। দুপুর থেকেই আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে আসতে থাকে মাঠে। ব্যানার-ফেস্টুনের পাশাপাশি অনেকে বাদক দলও নিয়ে আসেন। বিকাল ৪টার কিছু পর শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছান। তখন মাঠ ছিলো কানায় কানায় পূর্ণ। মাঠে জায়গা না পেয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নেন অনেকে। টঙ্গী সেতু থেকে ইজতেমা মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে মানুষকে অবস্থান নিতে দেখা যায়। মে দিবসের এই সমাবেশে প্রধানমন্ত্রী শ্রমিক ও কৃষকদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, “শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষ দু’বেলা পেট পুড়ে খাক এবং তাদের জীবনমানের উন্নয়ন হোক, এটাই আমাদের লক্ষ্য।” বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করার আশ্বাসও দেন তিনি। আগামীতে গাজীপুরের উন্নয়নের বিষয়ে বিভিন্ন অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। টেলিফোন শিল্প সংস্থার মাঠে স্টেডিয়াম নির্মাণ, স্থানীয় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি গাজীপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা দেওয়ার অঙ্গীকার করেন তিনি। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আরেকবার সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান। “আপনারা যদি শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চান, তাহলে শেখ হাসিনাকে ভোট দিয়ে সরকার গঠনের সহায়তা করুন,” বলেন তিনি। জাতীয় শ্রমিক লীগের সভাপতি সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা পরিষদের সদস্য ও গাজীপুরের সংসদ সদস্য রহমত আলী, আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৪৫ ঘ.