২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর কর্মসূচি আগামী সপ্তাহে ফের: মওদুদ

এম ইলিয়াস আলীর সন্ধানে আগামী সপ্তাহে হরতাল ডাকার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধানে আগামী সপ্তাহে হরতাল ডাকার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। গত সপ্তাহে তিন দিন এবং এই সপ্তাহে দুদিন হরতালের পর মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “সরকারকে বলব, ইলিয়াস আলীকে ফেরত দিন, আমরা কর্মসূচি প্রত্যাহার করে নেব। নইলে আগামী সপ্তাহেই কঠোর কর্মসূচি দেওয়া হবে।” ইলিয়াসের সন্ধানে গত সপ্তাহে রোববার থেকে তিন দিন হরতালের পর খালেদা জিয়া গত শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছিলেন। তবে এর মধ্যে ইলিয়াসের সন্ধান না মেলায় রোব ও সোমবার পুনরায় হরতাল ডাকে বিএনপি। ওই হরতাল শেষে বুধবার বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে। তবে রোববারের হরতালে গাড়ি পোড়ানো ও বোমা বিস্ফোরণের মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে। এর মধ্যে যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযান চালানো হয়েছে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েক নেতার বাড়িতে। মামলা ও গ্রেপ্তারের মধ্যেই মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে শ্রমিক দলের সভায় কঠোর কর্মসূচির হুমকি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। তিনি বলেন, “মামলা দিয়ে আন্দোলন শেষ মনে করলে সরকার ভুল করবে।” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বোমা বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলার প্রসঙ্গে মওদুদ বলেন, “এটি সরকারের হাস্যকর ও শিশুসুলভ মামলা ছাড়া আর কিছুই নয়। সরকার যে কত দেউলিয়া হয়ে গেছে, এ মামলাই তার প্রমাণ।” “এভাবে ভিত্তিহীন মামলা দিয়ে আন্দোলনের অগ্রযাত্রা রোধ করা যাবে না। বরং তাতে আন্দোলন আরো কঠিন থেকে কঠিনতর হবে,” বলেন তিনি। মামলার পর থেকে অপ্রকাশ্য ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা বুধবারই আগাম জামিন নিতে উচ্চ আদালতে যাবেন বলে জানান সাবেক আইনমন্ত্রী মওদুদ। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, “শুনেছি, প্রধানমন্ত্রী ইলিয়াস আলীর স্ত্রীকে সাক্ষাতের সময় দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব, ইলিয়াস কবে ফেরত যাবে, দয়া করে তার স্ত্রীকে বলে দেবেন।” দেশের বর্তমান সঙ্কট উত্তরণে সরকারকে সমঝোতার পথে আসার আহ্বান জানান বিএনপি নেতা মওদুদ। মে দিবসের ওই আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার নয়। তিন বছরে বিনিয়োগ বাড়েনি। কোনো নতুন শিল্প-কারখানা গড়ে ওঠেনি। ফলে দেশের শ্রমজীবী মানুষদের কর্মসংস্থানের সুযোগ বন্ধ হয়ে গেছে। “দেশে কী ধরনের গণতন্ত্র চলছে! মে দিবসে প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশ করেছেন টঙ্গীতে। আর বিরোধীদলীয় নেতাকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না,” বলেন মওদুদ। এবার জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ করতে চাইলেও তার অনুমতি সরকার দেয়নি বলে সংগঠনের নেতারা জানিয়েছেন। কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, শিরিন সুলতানা, শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১১৫ ঘ.