২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস বিষয়ে মুখ বন্ধ রাখতে সরকারকে পরামর্শ ড. কামালের

গণফোরাম সভাপতি মনে করেন, এই বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে তদন্ত প্রভাবিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্তাধীন বিষয় হিসেবে ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কথা না বলার পরামর্শ দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, “সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা তদন্ত সংশ্লিষ্ট কোনো ব্যাপারে কথা না বলাই ভালো। এতে তদন্ত কাজ ব্যাহত হতে পারে।” ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়া এবং এর পরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন ডাকেন ড. কামাল। ‘নিখোঁজ’ হওয়ার ১১ দিনেও ইলিয়াস আলীকে খুঁজে না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “অবিলম্বে কার্যকর তদন্ত প্রতিবেদন যাতে সরকার দিতে পারে, তার আহ্বান জানাচ্ছি।” ইলিয়াসের সন্ধান দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল সমর্থন করছেন কি না- জানতে চাইলে ড. কামাল সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “জনমত গঠনের জন্য দাবিনামা, মিছিল, মিটিং, সমাবেশ এগুলোর মাধ্যমেই আন্দোলন করে ফলাফল পেতে পারি। হরতাল যে করতেই হবে এমন তো কথা নেই।” এর পরপরই তিনি বলেন, “এর আগের হরতালগুলোকে তো আমরা সমর্থন করিনি।” দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে দাবি করেন ড. কামাল। “গণতন্ত্রকে সুসংহত করতে সংস্কারের বিকল্প নেই। গণতন্ত্রে জবাবদিহিতা আছে, স্বৈরতন্ত্রে ডোন্ট কেয়ার ভাব। এটা চলতে পারে না,” বলেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে ‘তৃতীয় শক্তির’ উত্থানের যে কথা বিভিন্ন জন বলছেন, তা ফলছে কি না- জানতে চাইলে ড. কামাল বলেন, “আমি ১/১১ সময়ও বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প, গণতন্ত্রের কোনো বিকল্প নেই।” বুয়েট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে গণফোরাম সভাপতি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে আধিপত্য বিস্তার, টেন্ডার, চাঁদাবাজি এগুলো সহ্য করা যায় না। সরকারের কঠোর ব্যবস্থা নেয়া উচিত।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সগীর আনোয়ার, কৃষি বিষয়ক সম্পাদক নৃপেণ ঘোষ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমএমআর/এমআই/২০৩৫ ঘ.