ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পরিচলনায় সমাজের বিশিষ্টজনদের ‘সহায়তা ও পরামর্শ’ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্ল¬াজায় ‘সমুদ্র জয় উদযাপন জাতীয় নাগরিক কমিটি’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সকলেই আমাদের মুরব্বি। আপনাদের সকলের সঙ্গেই আমাদের বিভিন্ন সময়ে যোগাযোগ হয়। আমরা যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারি- আপনারা সেই পরামর্শ দেবেন।”
“আমাদের শিল্পী, সাহিত্যিক এবং বুদ্ধিজীবী যখন জনগণের কাতারে এসেছেন- তখনই আমাদের বিজয় নিশ্চিত হয়েছে”, যোগ করেন শেখ হাসিনা।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয় উপলক্ষে নাগরিক কমিটি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। নাগরিক কমিটির চেয়ারম্যান শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, রাজনৈতিক দলের নেতা, সরকারের মন্ত্রী, সাংসদসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
কয়েক হাজার মানুষের উপস্থিতিতে শেখ হাসিনা বলেন, “জনগণের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি সদা প্রস্তুত। মৃত্যুভয় নেই আমরা। কোনো হারাবার ভয় নেই। আজকে আমি সব ছেড়ে দিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। আমি বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যেতে চাই।”
সংবর্ধনা অনুষ্ঠানের জন্য সাধারণ নাগরিকদের বাসবার ব্যবস্থা করা হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সিড়িতে। আর মঞ্চের সামনে বিশিষ্ট নাগরিকদের বসার জন্য চেয়ার পাতা ছিল। মঞ্চের দুই দিকে ছিল ছোট-বড় সাম্পান নৌকার প্রতিকৃতি। জাতীয় সংসদ ভবনের দিকে মুখ করা মঞ্চে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি সংবলিত বিশাল ব্যানার।
দেশের জনগণের জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা ও দায়িত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “জাতির পিতা বাংলাদেশের মানুষকে গভীর ভাবে ভালোবাসতেন। বড় সন্তান হিসাবে আমি তা গভীরভাবে উপলব্ধি করেছি।”
“পিতার কন্যা হিসাবে আমি যেন জনগণের জন্য কিছু করতে পারি। আমি আমার পিতার কন্যা। আমি আমার পিতার কন্যা হিসাবেই থাকতে চাই”, যোগ করেন তিনি।
ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলার রায় ২০১৪ সালে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখে, আমরা অবশ্যই আবার জয়ী হয়ে আসব।”
অনুষ্ঠানের শুরুতেই ছায়ানটের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। শেখ হাসিনা বিকাল ৫টায় অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর পর সম্মাননা পত্র পাঠ করেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। প্রধানমন্ত্রীর হাতে পাল তোলা নৌকার প্রতিকৃতি সম্বলিত সম্মাননা ক্রেস্ট তুলে দেন জিল্লুর রহমান সিদ্দিকী।
এরপর ছায়ানটের শিল্পীরা ‘বিজয় নিশান উড়ছে ওই’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা গেয়ে শোনান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/ রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা ‘নোঙ্গর তোল তোল’ গানটি পরিবেশনের পর শুরু হয় বিশিষ্টজনদের আলোচনা। শুরুতেই বক্তব্য দেন সমুদ্র জয় উদযাপন জাতীয় নাগরিক কসিমটির কো-চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমদ।
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এই পদক্ষেপ না নিলে প্রবৃদ্ধি অর্জন সহজ হতো না।
শিল্পী কাইয়ুম চৌধুরী আওয়ামী লীগকে ‘আরো অন্তত দুই মেয়াদে’ নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন বাংলাদেশে থাকি। তখন আমরা অনেক কিছু পাই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শেখ হাসিনার রাষ্ট্রনায়োকচিত নেতৃত্বের জন্যই সমুদ্র জয় সম্ভব হয়েছে।
জাতীয় অধ্যাপক এম আর খান ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্যের পর বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশের মানুষ নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল বলেই আজ আমরা সমুদ্র জয় করতে পেরেছি।”
এই গণ সংবর্ধনাকে ‘একটি ঐতিহাসিক ক্ষণ’ হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সমুদ্রে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এই সংবর্ধনা জনগণকে উৎসর্গ করতে চাই।”
এই মামলা জয়ে ভূমিকা রাখায় পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী এবং বিদেশি আইন বিশেষজ্ঞদের প্রতিও কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।
সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উদযাপন কমিটির কো-চেয়ারম্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোরশেদ বীর বিক্রম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। লায়লা আফরোজ আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’ কবিতাটি।
এছাড়া রেজওয়ানা চৌধুরী বন্যা, তিমির নন্দী, ফকির আলমগীর, শাহীন সামাদ, মমতাজ, চন্দনা মজুমদার, মলয় কুমার গাঙ্গুলী এবং অদিতি মহসিন একক সংগীত পরিবশেন করেন।
গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। এতে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হওয়ায় একে ‘সমুদ্রজয়’ হিসাবে উল্লেখ করে আসছে ক্ষমতাসীন দল।
এ উপলক্ষ্যে গত ১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয় ‘যুব সংগ্রাম পরিষদ’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/এমএমআর/এসডব্লিউ/জেকে/১৮৪০ ঘ.
bdnews24