২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের খোঁজ নেই, রবি-সোম হরতাল

এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর ১১দিনেও সরকার তার সন্ধান দিতে না পারায় ফের দুই দিনের হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ‘বেঁধে দেওয়া’ সময়ের মধ্যে সরকার এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসারের ‘সন্ধান দিতে না পারায়’ ফের দুই দিন হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। পুলিশ চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালালেও পাওয়া যায়নি বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদককে। ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১১ দিনেও ইলিয়াস আলীর সন্ধান না মেলায় সরকারকে জবাবদিহি করতে হবে। শনিবার রাজধানীর নয় পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফখরুল বলেন, ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রবি ও সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলবে। “সরকার ইলিয়াস ও তার গাড়ি চালক আনসারকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেনি। আমাদের নেত্রী আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু সেই সময় সীমার মধ্যে সরকার তাদের ফিরিয়ে দেয়নি। সেজন্য আমরা দুইদিনের হরতাল কর্মসূচি ঘোষণা করছি।” এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৩০ এপ্রিল হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে ইলিয়াস আলীকে যে মুহূর্তে ‘জীবিত ফেরত’ দেওয়া হবে, সেই মুহূর্তেই হরতাল প্রত্যাহার করবে বিএনপি। এর আগে একই কারণে ২২ থেকে ২৪ এপ্রিল তিন দিন সারা দেশে হরতাল করে বিএনপি। এছাড়া ২০ এপ্রিল ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল হয়। গত ২৪ এপ্রিল হরতাল শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন, এই সময়ের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদককে ‘ফিরিয়ে না দিলে’ কঠোর কর্মসূচি দিতে তার দল বাধ্য হবে। হরতাল ঘিরে গত সপ্তাহে রাজধানীতে ২০টিরও বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। একটি ঘটনায় দগ্ধ হয়ে বাসের ভেতরেই মারা যান এক চালক। ইলিয়াসের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হন। নতুন করে হরতালের আগের দিন শনিবারও রাজধানীর মিরপুরসহ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণেরও খবর পাওয়া যায়। হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে রবি ও সোমবারের এইচএসসি পরীক্ষাও। গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকায় নিখোঁজ হন সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। ওই রাতেই ইলিয়াসের বনানীর বাসার কাছে আমতলী থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইলিয়াসকে সরকারের ‘এজেন্সি ও র‌্যাবের লোকেরা’ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া। তবে প্রধানমন্ত্রী তা অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির ‘সাজানো নাটক’ অভিহিত করেছেন। একটি অ্যাম্বুলেন্সে করে ইলিয়াস কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে গিয়েছেন- এমন তথ্যের ভিত্তিতে শনিবার চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। তবে কোথাও তাকে পাওয়া যায়নি বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছি। তবে এখনো তার সন্ধান মেলেনি।” এর আগে ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব গাজীপুরের পূবাইল এবং ঢাকার কয়েকটি স্থানে অভিযান চালালেও এই বিএনপি নেতার খোঁজ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০০২৫ ঘ.