ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজায় অংশ নিয়েছেন যুদ্ধাপরাধের মামলার আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।
শনিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিকাল ৫টার দিকে রাজধানীর উত্তরায় নিজের বাসায় পৌঁছান এই জামায়াত নেতা। স্থানীয় মসজিদে ভাই আলী আশরাফ মো. শোয়ায়েবের জানাজা শেষে পৌনে ৯টায় পুলিশের সঙ্গে আবার কারাগরে ফেরেন মুজাহিদ।
জামায়াতের সাংসদ এ এইচএম হামিদুর রহমান আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, “তিনি (মুজাহিদ) উত্তরার বাসায় ভাইয়ের মরদেহের পাশে কিছুক্ষণ সময় কাটিয়েছেন। এরপর বায়তুন নূর জামে মসজিদে জানাজায় অংশ নিয়েছেন।”
শুক্রবার বিকালে হৃদরোগে মারা যান মুজাহিদের ভাই শোয়ায়েব (৫৬)। তিনি দৈনিক সংগ্রামের ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।
মুজাহিদ যাতে তার জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য সকালেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয় বলে জানান তার আইনজীবী মুন্সী আহসান কবীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যারোলের আদেশ নারায়ণগঞ্জ কারাগারের পৌঁছায় বিকাল ৩টার পর।
জেলার দেওয়ান তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৩টার দিকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে নিয়ে উত্তরায় যায় পুলিশ সদস্যরা। জানাজা শেষে ওই গাড়িতে করেই তাকে নারায়ণগঞ্জ কারাগারে ফিরিয়ে আনা হয়।
গত বছর অক্টোবরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ইমামতি করেন জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী। তার বিরুদ্ধে ইতোমধ্যে যুদ্ধাপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএ/এমএইচসি/জেকে/২২১০ ঘ.
bdnews24