২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল তাজের এলাকায় আ. লীগে সংঘাত

পদত্যাগী সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

গাজীপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগী সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। মে দিবসে টঙ্গীতে শেখ হাসিনার জনসভার প্রস্তুতির জন্য শুক্রবার উপজেলা সদরে এক সভার আগে এই সংঘাত বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। স্থানীয়রা জানায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সদলবলে সদর রোডে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে সংঘাত বাঁধে। রুহুল আমিন সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তিনি শতাধিক মটর সাইকেলসহ প্রায় ৩০০ কর্মী-সমর্থকসহ সভায় যাচ্ছিলেন। তখন দলীয় কার্যালয়ের কাছে প্রেসক্লাব মোড়ে প্রতিপক্ষের কর্মীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বহরের ওপর হামলা চালায়। রুহুল আমিন বলেন, হামলায় অন্তত ১০ জনকে আহত এবং প্রায় ২৫টি মটর সাইকেল ভাংচুর হয়। আহতদের মধ্যে রয়েছেন- মাসুদ মেহেদী, জামান, জুয়েল, আহছান উল্লাহ, আব্দুল হাই প্রমুখ। স্থানীয়রা জানায়, সরকারি দলের দুই পক্ষের সংঘাতে উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটির দিনে কর্মব্যস্ত সব দোকান-পাট বন্ধ হয়ে যায়। কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে দুই পক্ষকে হটিয়ে দেয়। এই ঘটনায় রাত ৮টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ নিয়ে আসেনি বলে জানান তিনি। কাপাসিয়ার আওয়ামী লীগ সংসদ সদস্য তানজিম গত ২৩ এপ্রিল স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। শেখ হাসিনার সরকারের এই প্রতিমন্ত্রী সরকার গঠনের কয়েক মাসের মাথায় মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১০ ঘ.