ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার এম ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিয়ে ‘গণতন্ত্র গুমের’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য।
শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইলিয়াস না ফিরলে রোববার থেকে ‘সরকার পতনের আন্দোলন’ শুরু করতে বিএনপি বাধ্য হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। জিয়া বিগ্রেড ও জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও একই স্থানে মানববন্ধন করে ইলিয়াস আলীকে উদ্ধারের দাবি জানায়।
খন্দকার মোশাররফ বলেন, “ইলিয়াস আলীকে গুম করে সরকার আসলে গণতন্ত্রকে গুম করার ষড়যন্ত্রে লিপ্ত। ১০ দিন হয়ে গেল- তার খোঁজ তারা দিতে পারেনি।”
“স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতেই প্রমাণ হয় যে ইলিয়াস সরকারের হাতেই আছেন”, যোগ করেন মোশাররফ।
গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। পুলিশ ওই রাতে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ইলিয়াসের সঙ্গে নিখোঁজ হন তার গাড়ির চালক আনসারও।
সরকারের বাহিনীই ইলিয়াসকে ‘গুম’ করেছে অভিযোগ করে গত রোববার থেকে তিনদিন সারাদেশে হরতাল করে বিএনপি। শনিবারের মধ্যে তাকে পাওয়া না গেলে নতুন করে হরতালের ইংগিতও এসেছে বিরোধী দলীয় নেতাদের কাছ থেকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে হরতাল না করার জন্য বিরোধী দলের আহ্বান জানান। তিনি বলেন, সরকার ইলিয়াসকে ‘জীবিত’ উদ্ধার করতেই সচেষ্ট।
এর প্রতিক্রিয়ায় খন্দকার মোশাররফ মানববন্ধনে বলেন, “আমরা যে কোনো মূল্যে ইলিয়াস ও তার গাড়ি চালককে জীবিত ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি। নইলে সরকার পতনের আন্দোলন রোববার থেকে শুরু হবে।”
এর সেক্ষেত্রে দেশকে রাজনৈতিকে সংহিসতার দিকে নিয়ে যাওয়ার ‘সব দায়ভার’ সরকারের ওপর বর্তাবে বলেও মন্তব্য করেন তিনি।
জাসাসের মানববন্ধনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, জাহাঙ্গীর আলম শিকদার বক্তব্য রাখেন।
এছাড়া জিয়া বিগ্রেডের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা এ জেড এম জাহিদ হোসেন, খালেদা ইয়াসমীন, মোহাম্মদ হানিফ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এবং জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মসূচিতে আ স ম হান্নান শাহ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫২ ঘ.
bdnews24