ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলী ‘নিখোঁজ’র ঘটনায় পুলিশের উপর হামলা, বিস্ফোরক ও বাস পোড়ানোর মামলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতিসহ কয়েকশ’ নেতাকর্মীকে জামিন দিয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফআরএম নাজমূল আহসানের বেঞ্চ এ জামিন মঞ্জুর করে।
এরমধ্যে দুই মাসের জামিন পান যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের পর অননুমোদিত মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং ককটেল ফাটানোর অভিযোগে ১৯ এপ্রিল পল্টন থানায় করা এ মামলায় তারাসহ মোট ২০ জন আসামি জামিন পান।
গাড়ি পোড়ানোর অভিযোগে গত ২৩ এপ্রিল মতিঝিল থানায় দায়ের করা একটি মামলা এবং পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায়ও এই শীর্ষ ছয় নেতাসহ মোট ২২ আসামিকে জামিন দিয়েছে হাই কোর্ট।
একইদিন মতিঝিল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা অপর একটি মামলায় ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ ছয় আসামি জামিন পেয়েছেন।
২১ এপ্রিল লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় পাঁচ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সিএনজি পোড়ানোর অভিযোগে ১৯ এপ্রিল মতিঝিল থানায় দায়ের করা অপর একটি মামলায় আট বিএনপি নেতাকর্মী জামিন পেয়েছেন।
এসব মামলায় জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
জামিন লাভের পর জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, “এগুলো ছাড়াও চাঁদপুর ও সাতক্ষীরায় পুলিশের দায়ের করা মামলায় মক্কেলদের জামিন চেয়েছি। তারাসহ শতাধিক নেতকর্মী জামিন পেয়েছেন।”
সিলেটের ১৬২ নেতাকর্মীর জামিন
এদিকে ইলিয়াস আলী ‘নিখোঁজের’ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে সিলেটের ওসমানীনগর থানায় ১৯ এপ্রিল দায়ের করা এক মামলায় তিন বিএনপি নেতাকর্মী জামিন পেয়েছেন। গাড়ি ভাংচুরের অভিযোগে একইদিন কোতোয়ালি থানায় করা অপর মামলায় ১৫৯ জন নেতাকর্মী জামিন পেয়েছেন।
হাইকোর্টের একই বেঞ্চে এসব মামলায় আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ডিডি/২৩১০ ঘ.
bdnews24