ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যে দলটির প্রধান খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই গাড়িতে উঠে পড়েন রাষ্ট্রদূত।
সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ৪৫ মিনিট স্থায়ী বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিএনপির পক্ষ থেকেও কেউ কথা বলতে রাজি হননি।
যদিও বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈঠকটি এ নিয়ে সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ছিল। সন্ধ্যার আগেই তারা খালেদার গুলশান কার্যালয়ে ভিড় করেছিলেন।
রোববার থেকে মঙ্গলবার টানা তিন দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর বিএনপি এরইমধ্যে ইংগিত দিয়েছে, শনিবারের মধ্যে এম ইলিয়াস আলীর সন্ধান না মিললে আবারো হরতাল দেওয়া হবে। জবাবে ক্ষমতাসীন দল হরতাল না দিয়ে ইলিয়াস ‘সন্ধানে’ বিরোধী দলের সহায়তা চেয়েছে।
মঙ্গলবার গুলশানে নিজ বাসভবনে মজিনা সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় তার দেশ উদ্বিগ্ন। বিএনপি নেতাকে খুঁজে পেতে সবাইকে সংযত আচরণের এবং সরকারকে এ বিষয়ে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা-মজিনা সাক্ষাৎ হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ- এ অভিযোগে সে রাতেই থানায় জিডি এবং পরদিন হাই কোর্টে রিট করেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ওই রাতেই ইলিয়াসের বনানীর বাসার কাছে আমতলী থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
তাকে উদ্ধারে র্যাব ইতিমধ্যে কয়েকটি অভিযান চালালেও তাতে কোনো ফল মেলেনি।
ইলিয়াসকে সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ তাকে তুলে নিয়ে গেছে বলে খালেদা জিয়ার অভিযোগ।
তবে প্রধানমন্ত্রী তা অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির ‘সাজানো নাটক’ হিসাবে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১৮ ঘ.
bdnews24