২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে দুটি বোমা বিস্ফোরণ

বিএনপির হরতালের তৃতীয় দিনে রাজধানীর আমতলীতে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের তৃতীয় দিনে রাজধানীর আমতলীতে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে আমতলী মোড়ে একটি পাঁচ তলা ভবনের ওপর থেকে সড়কে বোমা দুটি ছুড়ে মারা হয়। বিস্ফোরণের প্রকট শব্দে জনমনে আতঙ্ক ছড়ালেও এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ এবং র‌্যাবের একটি দল গোটা ভবনটি ঘিরে ফেলে আধা ঘণ্টা তল্লাশি চালায়। তবে কারা বোমা ছুড়েছে, তা সনাক্ত করতে পারেনি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের গুলশান বিভাগের পরিদর্শক আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আতঙ্ক ছড়ানোর জন্যই এটা করা হয়েছে। ভবনের ওপর থেকেই বোমাগুলো ছোড়া হয়েছে, এটা নিশ্চিত।” মঙ্গলবার এর আগে রাজারবাগে হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাজারবাগ টিঅ্যান্ডটি কলোনির সামনে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। তাদের লক্ষ্য করে ‘কে বা কারা’ একটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। “হাতবোমাটি পুলিশের কাছাকাছি পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হন।” আহতদের মধ্যে মো. মঈনুদ্দিনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য জনের নাম জানা যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত রোববার থেকে চলা হরতালে প্রতিদিনই বিক্ষিপ্ত বোমাবাজি ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৬৩৫ ঘ.