২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী

এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে টানা তৃতীয় দিনের হরতালের মধ্যেই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 04:53 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (আঙ্কটাড) উপলক্ষে কাতারে চারদিনের সরকারি সফর শেষে ভোরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি মঙ্গলবার ভোর পাঁচটা ৩৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে নামে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খানসহ মন্ত্রিসভার সদস্য এবং উর্ধ্বতন সরকারি সর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ত্রয়োদশ আঙ্কটাডে যোগ দিতে গত ২০ এপ্রিল দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। ২১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় এ সম্মেলন শুরু হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানি ও সে দেশের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসীম আল-থানির সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রধানমন্ত্রী কাতারের প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনায় ও দোহায় বিজনেস এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএএবি) আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেন। তিনি দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা টানা তৃতীয় দিনের হরতালের মধ্যেই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। কাতার যাওয়ার আগের দিন তিনি দাবি করেছিলেন, আন্দোলনের ইস্যু তৈরি করতে বিএনপি এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা ‘সাজিয়েছে’। হরতালের মাধ্যমে বিএনপি হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে দাবি করে এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে আওয়ামী লীগ। এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও সন্ধ্যায় তার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১০৪৯ ঘ.