২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ, গ্রেপ্তার ২৭

পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের মধ্য দিয়ে চট্টগ্রামে বিএনপির দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়েছে। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের মধ্য দিয়ে চট্টগ্রামে বিএনপির দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়েছে। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন। এ ছাড়া পিকেটিংয়ের অভিযোগে এক মহিলা কাউন্সিলরসহ ২৭ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে । অবশ্য নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, রোববার বিকাল থেকে সোমবার পুলিশের হামলায় তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৫০ জনকে। সকাল থেকেই বিএনপি’র ডাকা হরতালের কারণে রিকশা ও অটোরিকশা ছাড়া অন্যান্য কোন যানবাহন চলাচল করেনি নগরীতে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভারি যানবাহন চলতে শুরু করে। বন্দরে পণ্য ওঠানামা ছিল স্বাভাবিক। নগরী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। স্বাভাবিক নিয়মেই ছেড়ে গেছে রেল। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকলেও কার্যক্রমে ছিল ধীরগতি। হরতাল সফল করতে সকালে বিএনপি নেতাকর্মীরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে, ইস্পাহানীর মোড়, কালামিয়া বাজার, বহদ্দারহাট মোড়, অক্সিজেন মোড় ও অলংকারে অবস্থান নেয়। বিএনপিনেতা আমীর খসরু, আব্দুল্লাহ আল নোমান ও গোলাম আকবর খোন্দকার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ চলাকালে বেলা ১২টার দিকে একটি যাত্রীবাহী টেম্পো ভাঙচুর নিয়ে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে তিনদফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেলও নিক্ষেপ করে। পিকেটারদের ইটের আঘাতে আহত হয় টেম্পোচালক। এ সময় ঘটনাস্থল থেকে চার বিএনপিকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নগরীর ইস্পাহানী মোড়ে গাড়ি ভাঙচুর ও মিছিল করতে চাইলে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ নয় নারীকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে টেম্পো ভাঙচুর করতে গিয়ে গ্রেপ্তার হন আরো ১১ জন। নগরীর বিভিন্ন এলাকা থেকে এদিন ২৭ জন পিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৪৩ ঘ.