ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এ কর্মসূচি দীর্ঘায়িত না করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলগুলোর প্রতি এ অনুরোধ জানায় পোশাক শিল্প-মালিকদের শীর্ষ এ সংগঠন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘নিখোঁজের’ ঘটনায় রবি-সোমবার সারাদেশে হরতাল পালনের পর মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
টানা তৃতীয় দিনের মতো হরতালের কর্মসূচি ঘোষণার পর বিজিএমইএ সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, “ধারাবাহিকভাবে হরতাল আহ্বান করায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এতে জাতীয় অর্থনীতির অগ্রগতির ধারা ব্যাহত হচ্ছে।”
“রপ্তানিমুখী শিল্পখাতগুলো বিশেষ করে তৈরি পোশাক শিল্পখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
পোশাক শিল্প হরতালের আওতামুক্ত থাকলেও বস্ত্র কারখানা, এক্সেসরিজ, ওয়াশিং, ডাইং, প্রিন্টিং, প্যাকেজিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হয়। তাই সামান্য প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রমই এ শিল্পের স্বাভাবিক কার্যক্রমকে বিঘিœত করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এক ঘণ্টা বিলম্বের জন্য যদি তৈরি পোশাক জাহাজীকরণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে রপ্তানি কার্যক্রমে অতিরিক্ত ঝুঁকি বাড়ে এবং উদ্যোক্তাকে লোকসানের বোঝা বইতে হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বর্তমানে তৈরি পোশাক শিল্প সংকটের মধ্যে রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ অবস্থায় হরতাল উদ্যোক্তাদের সেই প্রয়াসকে ব্যর্থতায় পর্যবসিত করছে এবং শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিচ্ছে।”
ঢাকা মহানগর দোকান মালিক সমিতিও এক বিবৃতিতে হরতাল দীর্ঘায়িত না করার অনুরোধ জানায় বিএনপির প্রতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/পিডি/২১৩৫ ঘ.
bdnews24