ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি হরতালের নামে নৈরাজ্য চালাচ্ছে দাবি করে এর বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মাহাবুব-উল আলম হানিফ।
হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বানও জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা।
দলীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির তৃতীয় দিন হরতাল ডাকার পর সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে হানিফ সাংবাদিকদের বলেন, হরতালের মতো নৈরাজ্যকর কর্মসূচি প্রত্যাহারের জন্য বিরোধী দলকে আহ্বান জানাব।
বিএনপির হরতালের সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো ঢাকাসহ সারাদেশে হরতালবিরোধী মিছিল বের করে।
হরতালের মধ্যে বোমাবাজি ও গাড়ি পোড়ানোর ঘটনাগুলো তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি দিনের পর দিন চলতে পারে না। এই ধরনের কর্মসূচি চলতে থাকলে জনগণ বিরোধী দলের কর্মসূচি প্রত্যাখ্যান করবে। আমরা এর বিরুদ্ধে জনগণকে সচেতন করতে চাই।”
রোব ও সোমবার হরতালের পর তৃতীয় দিন হরতাল ডেকে দেড় ঘণ্টা আগেই বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “এভাবে হরতাল করতে সরকার আমাদের বাধ্য করেছে।”
সোমবারের হরতালে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথে সহিংসতায় দুজন নিহত হয়, যারা পুলিশের গুলিতে মারা গেছে বলে বিএনপির দাবি। এছাড়া সারাদেশে বিএনপির অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বনাথে দুজনের মৃত্যুর জন্য শোক প্রকাশ করে হানিফ বলেন, “এর দায় বিরোধী দল এবং বিরোধীদলীয় নেতাকে নিতে হবে।
“বিএনপির এক নেতা নিখোঁজ রয়েছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চেষ্টা চলছে, তাকে তার পরিবারের কাছে হাজির করার।”
ছয় দিন ধরে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবি করে ফখরুল বলেন, “ইলিয়াস আলী ও তার গাড়িচালককে ফিরিয়ে দেন। নইলে আমাদের আন্দোলন চলবেই।”
হরতালের সমালোচনা করে ক্ষমতাসীন দলের নেতা বলেন, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে হরতাল ডেকে কী লাভ? এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। বিরোধী দল ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করছে।”
ইলিয়াসের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিরোধী দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, অতি দ্রুত বিএনপির ওই নেতার অন্তর্ধান রহস্যের জট খুলবে।”
বিরোধী দলের প্রতি অসহযোগিতার অভিযোগ তুলে হানিফ বলেন, “তার (ইলিয়াস আলী) স্ত্রী সহায়তা করল। পরে, বিরোধীদলীয় নেতার নির্দেশে সহায়তা বন্ধ করে দিল বলেও এখন শোনা যাচ্ছে।”
এই প্রসঙ্গে ইলিয়াস আলীর অতীত কার্যক্রম তুলে ধরে আওয়ামী লীগ নেতা বলেন, “ছাত্রজীবন থেকে তার বিরুদ্ধে হত্যাসহ বহু অভিযোগ ছিল। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সঙ্গে তার কোন্দল ছিল। সিলেটে সাম্প্রতিক সময়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হত্যাকাণ্ড ঘটে এই নেতার নির্দেশে।”
গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। বিএনপি নেতার বনানীর বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিএনপির দাবি, ইলিয়াসকে ‘গুম’ করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হচ্ছে, বিএনপি নেতাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
সোহেল তাজ প্রসঙ্গ
দলীয় সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে এখনি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি আওয়ামী লীগ নেতা হানিফ।
তিনি বলেন, “এই বিষয়ে স্পিকারের কাছ থেকে সিদ্ধান্ত এলেই আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।”
গাজীপুর-৪ আসনে সংসদ সদস্য তানজিম সোমবার স্পিকারের কাছে তার পদত্যাগপত্র দেন। এর প্রায় তিন বছর আগে মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন তিনি। তবে ওই পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি।
সোমবার বিকালে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হানিফ। ওই সভায় মে দিবসে গাজীপুরের টঙ্গীতে জনসভা নিয়ে আলোচনা হয়। টঙ্গীর ওই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯১৪ ঘ.
bdnews24