২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলকর্মীকে থানায় চোখ বেঁধে ঝুলিয়ে লাঠিপেটা!

খুলনা সদর থানায় এক ছাত্রদলকর্মীকে চোখ বেঁধে ঝুলিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 06:11 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

সুবির রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খুলনা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সদর থানায় এক ছাত্রদলকর্মীকে চোখ বেঁধে ঝুলিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে থানার একটি কক্ষে ওই থানার ওসি এসএম কামরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন এসআই ও কনস্টেবল মাহামুদুল হক টিটোকে মারধর করে বলে অভিযোগ। আরেক ছাত্রদলকর্মী ফেরদাউসুর রহমান মুন্নাকেও চোখ বেঁধে পেটানো হয় বলে বিএনপি অভিযোগ করেছে। পুলিশের আইজি ও খুলনা মহানগর পুলিশের কমিশনারের কাছে এ নির্যাতনের বিচার দাবি করেছেন মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনা তদন্তে খুলনা পুলিশের উপ-কমিশনার হায়দার আলীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সহকারী পুলিশ কমিশনার মোশাররফ হোসেন। বিএনপির সভাপতি মঞ্জু বলেন, খবর পেয়ে কয়েকজন সাংবাদিক থানার ওই কক্ষে গিয়ে নির্যাতনের ছবি তোলেন। সাংবাদিকদের তিনি জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড থেকে ছাত্রদলকর্মী টিটো ও মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। বেলা ১২টার দিকে খুলনা থানার এসআইদের বসার কক্ষে নিয়ে টিটোর চোখ বেঁধে এবং হাতে দড়ি দিয়ে সিলিং-এর হুকের সঙ্গে ঝুলিয়ে লাঠি দিয়ে পেটানো হয় বলে দাবি করেন তিনি। মুন্নাকেও চোখ বেঁধে লাঠিপেটা করা হয়। তিনি বলেন, “খুলনা সদর থানার ওসি এসএম কামরুজ্জামান এবং কয়েকজন এসআই ও কনস্টেবল তাদেরকে মারধর করেন।” এ প্রসঙ্গে ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিটো ও মুন্নাকে চোখ বেঁধে ভয় দেখানো হলেও মারধর করা হয়নি।” “ঝুলিয়ে পেটানোর অভিযোগও সঠিক নয়।” তিনি জানান, রোববার সকালে টুটপাড়া এলাকায় পুলিশের ওপর পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। কারা পেট্রোল বোমা নিক্ষেপ করায় নেতৃত্ব দিয়েছে এবং কারা জড়িত তা ওই ছাত্রদলকর্মীরা স্বীকার করেছেন বলে দাবি করেন ওসি। কামুরজ্জামান বলেন, পুলিশকে আহত করা, সরকারি কাজে বাধাদান ও বোমা নিক্ষেপের অভিযোগে এসআই শাহ আলম বাদী হয়ে টিটো ও মুন্নাসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরো ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ছাত্রদলকর্মীদে নির্যাতনকারী ওসি কামরুজ্জমানকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে সাংবাদিকদের জানান মঞ্জু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০০৯ ঘ.