ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা হরতাল সারাদেশে ঢিলেঢালা পালিত হলেও তার বাড়ি সিলেটের বিশ্বনাথে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
রোববার দিনব্যাপী হরতালের সময় সিলেট মহানগরীতেও সংঘর্ষ হয়েছে। এছাড়া রাজশাহীতে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ আহত হয়েছে ২০ জন।
খুলনায় সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। খাগড়াছড়ি, ভোলা, গাইবান্ধা, নারায়ণগঞ্জে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। চাঁদপুরের ৫ পিকেটারকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং জামালপুলের সরিষাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।
স্থানীয় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সারাদেশে আড়াই শতাধিক হরতালকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিলেটে ৪১, খুলনায় ১২, রাজশাহী ৪, পাবনায় ৩০, জামালপুরে ২০, ফরিদপুরে ২১, নোয়াখালীতে ২২, পটুয়াখালীতে ১৫, সাতক্ষীরায় ১৫, কিশোরগঞ্জে ১৮, পিরোজপুরে ১২, রাজবাড়ী ১২, বান্দারবানে ১০, গাজীপুরে ১২, হবিগঞ্জ চাঁদপুর রংপুর ও শেরপুরে ৪, গাইবান্ধায় ৩, সিরাজগঞ্জে ৫, নওগাঁ ও জয়পুরহাটে ২ জন এবং গোপালগঞ্জ, ভোলা ও নরসিংদীতে একজন করে গ্রেপ্তার করা হয়েছে।
হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অধিকাংশ জেলা সদরে টেম্পু, অটোরিকশা চলেছে। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, বিশ্বনাথে সংঘর্ষে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি ইলিয়াসের গ্রাম রামাধানার বাসিন্দারাও জড়িয়ে পড়ে। সেখানে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বিশ্বনাথে দফায় দফায় সংঘর্ষে ৯ পুলিশসহ অন্তত ৬০ জন আহত হয়েছে। গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ছোড়া রবার বুলেটের আঘাতে আহত দুই ছাত্রদলকর্মীসহ অনেককে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার ওসি চাঁন মিয়া।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা ইলিয়াস মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবারও সিলেট বিভাগে হরতাল করে স্থানীয় বিএনপি।
রোববার বিক্ষোভের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে কয়েকশ বিএনপি নেতা-কর্মী বিশ্বনাথ থানা ঘেরাও করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নেতা-কর্মীরা ইট ছুড়লে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
বেলা আড়াইটার দিকে অলঙ্কারি ইউনিয়নের রামাধানা গ্রাম থেকে কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানার দিকে এগোতে থাকে। পুলিশ তাদের উপজেলা কমপ্লেক্সের কাছে আটকে দিলে সংঘর্ষ বেঁধে যায় বলে স্থানীয়রা জানায়।
গ্রামাবাসী ও পুলিশের সংঘর্ষে বিশ্বনাথ উপজেলা সদর রণক্ষেত্রে রূপ নেয়। ইটের জবাবে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।
ওসি চাঁন মিয়া জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া হয়।”
সংঘর্ষে নয় পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে এক জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে বিএনপি নেতা-কর্মী ও গ্রামবাসী মিলেয়ে অর্ধশতের বেশি আহত হয়। এদের মধ্যে রবার বুলেটে আহত খানাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মরতুজ আলী (২৫) এবং ছাত্রদলকর্মী মিসির আলী (৩৫) সহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানান ওসি।
উপজেলা সদরে পিকেটাররা একটি সংবাদপত্রবাহী অটোরিকশা ও ওষুধের দোকান ভাংচুর করে। আগুন দেয় একটি খাবারের দোকানেও।
হরতালে সিলেট নগরীতে সকাল থেকে শান্তিপূর্ণ হলেও দুপুরের পর দুটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
সকালে কয়েক দফা মিছিলের পর বিএনপি নেতারা নগরীর জিন্দাবাজার সিটি সেন্টার এলাকায় অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১২টায় জমিয়তে উলামায়ে ইসলাম একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
এসময় হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৩০-রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
সংঘর্ষের সময় গোটা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল ছোড়ে পিকেটাররা।
এছাড়া নগরীর টুকের বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর সেখান থেকে গ্রেপ্তার করা হয় ২০ জনকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এজাজ আহমেদ।
সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন জানান, এদিন সিলেটে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বিশ্বনাথে গ্রেপ্তারের সংখ্যা ১৪, বিয়ানীবাজরের ২ এবং বাকীদের নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ ছাড়া বাকি ১১ উপজেলায় পরিস্থিতি শান্তিপূর্ণ ছিলো বলে জানিয়েছেন এসপি।
হরতালে সকালে সিলেট শহরের বিভিন্ন এলাকায় কিছু রিকশা চলতে দেখা গেলেও ভারী যানবাহন চলেনি। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের কারণে অধিকাংশ এলাকায় রাস্তাঘাট ফাঁকা। বেশিরভাগ দোকানপাটও বন্ধ রয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে করা মিছিলে পুলিশের লাঠিপেটায় মহানগর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিনুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় আটক করা হয়েছে চারজনকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার সকাল সোয়া ৬টার দিকে মিনুর নেতৃত্বে নগরীর রাজারহাতা এলাকা থেকে একটি মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি মালোপাড়া পার হয়ে জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ।
এতে আহত হন মিনুসহ বেশ কয়েকজন। এরপরই পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষ একপর্যায়ে বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়ে। সকাল ৭টার দিকে হরতালকারীরা পিছু হটে যায়।
পুলিশের বরাত দিয়ে খুলনা প্রতিনিধি জানান, সকাল ১০টায় নগরীর টুটপাড়া সেন্টাল রোড মোড়ে পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাঠকেল এবং ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়া নগরীর আমতলা মোড়ে একটি ইজি বাইকে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা।
বগুড়া প্রতিনিধি জানান, শহরের মহাস্থান ব্রিজের কাছে একটি ট্রাকে অগ্নিসংযোগ ও ভাংচুর করে পিকেটাররা।
বেলা ১২টার সময় জেলা বিএনপি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের জিরো পয়েন্ট সাতমাথায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। সেখানেই বসে পড়ে বিএনপি প্রতিবাদ সমাবেশ করে।
এর আগে জেলা স্বেচ্ছাসেবক লীগ হরতালবিরোধী মিছিল করে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, কলারোয়ায় হরতাল চলাকালে বিএনপি নেতাকর্মীদের মিছিলে হামলা হয়েছে। ভাংচুর হয়েছে জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের বাড়ি।
শহর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, হরতালের সমর্থনে মিছিল বের করতে হাবিবুল ইসলামের বাড়িতে জড়ো হচ্ছিলেন নেতা-কর্মীরা। তখন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালায়।
হামলায় ১৫ জন আহত হন জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, আহতদের হাসপাতালে নেওয়ার পথে সেখানেও হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৪১ ঘ.
bdnews24