ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির হরতাল সিলেট ছাড়া সারাদেশে ঢিলেঢালাভাবেই শেষ হয়েছে, তবে তার সন্ধান না মেলায় সোমবারও হরতাল ডাকা হয়েছে।
রোববারের হরতালে সিলেট ছাড়া আর কোথাও বড় ধরনের গোলযোগ হয়নি। সিলেট নগরীর পাশাপাশি ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে, যাতে আহত হয়েছে অর্ধশতাধিক।
ঢাকায় সকাল থেকেই বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে, এর অধিকাংশই ঘটেছে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের আশপাশে।
ভোরে বিএনপি কার্যালয়ের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। বেলা পৌনে ১১টার দিকে কার্যালয়ের কয়েকশ গজের মধ্যে ফকিরাপুল কাঁচা বাজারের কাছে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের দিকে আসছিল। হঠাৎ তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। এরপর পুলিশ এগোলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর দুপুর ২টায় একই স্থানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এর আগে বেলা সাড়ে ১২টায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আরো তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।
হরতালের মধ্যে কারওয়ান বাজারে একটি পিকআপভ্যান এবং ওয়ারীতে একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। হরতালের আগের দিন শনিবার ঢাকায় আটটি বাসে আগুন দেওয়া হয়।
হরতালে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ঢাকার অভ্যন্তরে চলেছে অনেক বাস। বিআরটিসির পাশাপাশি বেসরকারি মালিকানার বাসগুলোও চলতে দেখা গেছে। ঢাকা-গাজীপুর রুটেও বাস চলেছে।
সড়কে প্রাইভেট গাড়ি ছাড়া অটো রিকশা, টেম্পু ও রিকশা চলাচল ছিল অন্য দিনের মতোই। ট্রেন, বিমান এবং লঞ্চ চলাচলও ছিল স্বাভাবিক।
হরতালে রাজধানীর অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। সচিবালয়সহ বিভিন্ন অফিস ও আদালত ছিল খোলা। তবে কাজ কম হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস হয়নি।
রাস্তার মোড়ে মোড়ে প্রচুর সংখ্যক পুলিশ এবং কিছু কিছু জায়গায় র্যাবের টহল দেখা গেছে। তবে রাস্তাগুলো ছিল প্রায় পিকেটারবিহীন। মহাখালীতে একটি টেম্পু ভাংচুররত অবস্থায় একজন পিকেটারকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
কয়েকটি স্থানে বিএনপি মিছিলের চেষ্টা চালালেও পুলিশের বাধায় তারা ব্যর্থ হয়। পুরান ঢাকার টিপু সুলতান সড়কে মিছিল থেকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতপাড়ার কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন, এর মধ্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খলিলুর রহমানও রয়েছেন।
হরতালের সমর্থনে মিছিলে বাধা দেওয়া হলেও বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল বের করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিএনপি নেতারা সকাল থেকেই নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
এতে ক্ষোভ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশি বেষ্টনিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশ ও র্যাবের উপস্থিতি দেখে মনে হচ্ছে, এটি একটা যুদ্ধক্ষেত্র। আমাদের অবরুদ্ধ রেখে গণতন্ত্রকে এভাবে দলন করা হচ্ছে। কোনো গণতান্ত্রিক সরকার এরকম আচরণ করতে পারে না।”
সংসদ ভবনের সামনে এম কে আনোয়ারের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা মিছিল বের করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার বনানীর বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিএনপি দাবি করছে, ইলিয়াসকে ‘গুম’ করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, বিএনপি নেতাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/পিবি/এমএমআর/এমআই/১৯০০ ঘ.
bdnews24