ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী এম ইলিয়াস আলীকে উদ্ধারে র্যাব-পুলিশের প্রথম অভিযান নিষ্ফল হওয়ার পর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা বিএনপিপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
শনিবার রাত ১০টায় তিনি খালেদার গুলশান কার্যালয়ে যান। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান, সাদেক হোসেন খোকা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন।
এর আগে ইলিয়াসকে উদ্ধারে র্যাব-পুলিশের একটি দল গাজীপুরের পূবাইলে শনিবার সন্ধ্যা থেকে তিন ঘণ্টা অভিযান চালালেও তা ব্যর্থ হয়।
তাহসীনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে এ অভিযান চালায় র্যাব-পুলিশের দল।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি।
এর পরদিন (বুধবার) তার স্বামী ইলিয়াস ‘নিখোঁজ’ হয়েছেন দাবি করে তার স্ত্রী তাহসীনা স্বামীেেক ফেরত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন।
বিএনপি ইতিমধ্যে তাদের নেতা ‘নিখোঁজের’ ঘটনায় সরকারকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করেছে।
পুলিশ শনিবার পর্যন্ত ইলিয়াস বা তার গাড়িচালকের কোনো খবর দিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২১৫ ঘ.
bdnews24