২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিবির নেতা গ্রেপ্তার

শাহপরাণ হল শাখা শিবিরের সভাপতি মহিবুল ইসলাম রোববারের হরতালে নাশকতা সৃষ্টির জন্য ‘অস্ত্র বানাচ্ছিলেন’ বলে অভিযোগ করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

সিলেট, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক মহিবুল ইসলাম (২৮) বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং শাহপরাণ হল শাখা শিবিরের সভাপতি। শনিবার ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের পিছনের ধামালিপাড়া এলাকার একটি মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৯ এর উপ-পরিদর্শক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “মহিবুলের কাছ থেকে অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিএনপির ডাকা রোববারের হরতালে নাশকতা সৃষ্টির জন্য তিনি অস্ত্র বানাচ্ছিলেন।” এই শিবির নেতার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলেও উল্লেখ করেন ইদ্রিস আলী। তিনি বলেন, “মহিবুলকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।” অবশ্য ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হোসাইন আহমদ অভিযোগ করেছেন, মহিবুলকে বিনা অপরাধে তুলে নিয়ে গেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩২০ ঘ.