সিলেট, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমার কিনব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বুত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মোটর সাইকেলযোগে ৪-৫ জন যুবক এসে জগন্নাথপুরগামী একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। কিছুক্ষণের মধ্যে আরো ১০-১২ জন তাদের সঙ্গে যোগ দিয়ে বাসটিতে আগুন দিয়ে চলে যায়।
পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের চালক রইজ উদ্দিন কালা বলেন, “ওরা ভাঙচুর শুরু করলে বাসের যাত্রীরা নেমে যায়। এ সময় আমাকে মারধর করে পেট্রোল ছিটিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।”
ওই যুবকদের কোনো পরিচয় জানাতে পারেননি দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত।
তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
মঙ্গলবার রাতে সিলেট বিএনপির সভাপতি ইলিয়াস আলীর ‘নিখোঁজের’ প্রতিবাদে বুধবার বিভাগে হরতাল পালিত হয়। এর পর থেকে সিলেটে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৫ ঘ.
bdnews24