২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে বিব্রত করতেই ‘ইলিয়াসকাণ্ড’: টুকু

বর্তমান সরকারকে বিব্রত করতে এম ইলিয়াস আলীকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কি- না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

পাবনা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারকে বিব্রত করতে এম ইলিয়াস আলীকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কি- না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। শুক্রবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি বিগত কয়েক দশক ধরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সঙ্গে জড়িত ছিল। এ জন্য তারা হত্যা, গুম, চোরাগুপ্তা হত্যার সঙ্গেও জড়িত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোটের সন্ত্রাসীদের হাতে সংসদ সদস্যসহ আওয়ামীলীগের ৬/৭ জন নেতাকে প্রাণ দিতে হয়েছে।” “তাই বর্তমান সরকারকে বিব্রত করতে ইলিয়াসকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে তার দলের অভিযোগ। তবে সরকার তা প্রত্যাখ্যান করে আসছে। “ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকার বিব্রত। তবে তাকে লুকিয়ে রেখেও হরতাল দেওয়া হতে পারে,” বলেন টুকু। ইলিয়াস ‘গুমের’ প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে তা সহ্য করা হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২০৫৫ ঘ.