সিলেট, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞার কারণে সভা করতে না দেওয়ায় সিলেটের বিয়ানীবাজারে বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতদের পরিচয় জানা যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী জানান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমর উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় উপজেলা বিএনপি স্মরণসভার আয়োজন করে। একইস্থানে উপজেলা ছাত্রদলের আরেকটি পক্ষও সভা আহ্বান করলে উপজেলা প্রশাসন ওই স্থানে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।
পুলিশ কর্মকর্তা বলেন, বিকালে বাসস্ট্যান্ডে সভা করতে গেলে বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা স্মরণসভা করতে গেলে পুলিশ বাধা দেয়। তারা প্রশাসনের নিষেধাজ্ঞার কথা বললেও আমাদেরকে লিখিত কোনো আদেশ দেখাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২৩ ঘ.
bdnews24