ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে অন্তর্ভুক্ত না হলেও রোববারের হরতালে সমর্থন দিয়েছে বিকল্প ধারা।
বিকল্প ধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী শুক্রবার এক বিবৃতিতে হরতালে সমর্থন জানিয়ে দলীয় নেতা-কর্মীদের তা সর্বাত্মকভাবে পালনের আহ্বান জানান।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘গুমের’ প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। নবগঠিত ১৮ দলীয় ঐক্যজোটও এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
হরতালে সমর্থন জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “ইলিয়াস আলীর মতো একজন উঁচু পর্যায়ের নেতার গুম হওয়ার ঘটনার প্রতিবাদ জানানোর অন্য কোনো পথ খোলা নেই।”
সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, “অতীতে অনেক রাজনৈতিক নেতা-কর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। গুম হওয়া কারো কারো লাশ পাওয়া গেছে। কিন্তু হত্যাকারীদের গ্রেপ্তার, সনাক্ত অথবা শাস্তি হয়নি।
“এটা সরকারের লজ্জাজনক ব্যর্থতা। আশা করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কুম্ভকর্ণের ঘুম’ ভাঙবে,” বলেন বদরুদ্দোজা চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০২২ ঘ.
bdnews24