ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলী আত্মগোপন করেছেন বলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হলেও তাকে খুঁজে বের করে এই জটিলতার অবসান ঘটানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন আব্দুল জলিল।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “কোনো রাজনৈতিক নেতাকেই গুম করার অধিকার কারো নেই। একে অপরকে দোষ দিয়েও কোনো লাভ নেই।”
“আমরা যেহেতু সরকারে আছি, তাই আমাদেরই দায়িত্ব তার (ইলিয়াস) খোঁজ দেওয়া,” বলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিল।
সরকারের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, সুষ্ঠু গণতন্ত্র বিকাশের স্বার্র্থেই ইলিয়াস আলীকে খুঁজে বের করা হোক।
রাজধানীর বনানী থানা এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে আগামী রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপি এর জন্য সরকারকে দায়ী করলেও র্যাব ও গোয়েন্দা পুলিশ বলছে, ইলিয়াস আলী তাদের হেফাজতে নেই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদ্দেশ্য করে জলিল বলেন, ইলিয়াস আলীকে খুঁজে বের করে জনগণের সামনে নিয়ে আসুন। একে অপরকে দোষ দিয়ে কেউ লাভবান হবে না।
“আওয়ামী লীগের অনেক সাফল্য রয়েছে। তবে দু’একটি ঘটনা আমাদের সাফল্যে কালিমা লেপন করছে,” বলেন তিনি।
মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা মহানগর শাখা বঙ্গবন্ধু একাডেমী ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী বক্তব্য, দেশবাসীর প্রত্যাখ্যান, সরকারের কারণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে এতে জলিল ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা মহনগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24