২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ও রেলের ‘দুর্গন্ধ’ সরাতে হবে: কাদের

দুর্নীতির মাধ্যমে রেল বিভাগের অনেক কর্মকর্তা বিপুল সম্পদের অধিকারী হলেও রেলের অবস্থা আরো খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মাধ্যমে রেল বিভাগের অনেক কর্মকর্তা বিপুল সম্পদের অধিকারী হলেও রেলের অবস্থা আরো খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাদের বলেন, “রেলকে ব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করে অনেক কর্মকর্তা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন; কিন্তু রেল আরো দরিদ্র আরো রিক্ত হয়েছে। বিআরটিএ এবং রেলের শরীর থেকে দুর্গন্ধ সরাতে হবে।” রেল বিভাগে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান তিনি। ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ দায় কাঁধে নিয়ে ১৬ এপ্রিল পদত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। পরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে অতিরিক্ত হিসেবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রী কাদের বলেন, “আমি পারসেনটেইজ চাই না, আমি কমিশন চাই না, আমি কোন অনিয়মও সহ্য করবো না।” নেতাকর্মীদের প্রতি ক্ষমতার দাপট না দেখানোর আহ্বান জানিয়ে দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতার দাপট দীর্ঘস্থায়ী হয় না। আজকে ক্ষমতায় আছেন বলে দাপট দেখাবেন; ক্ষমতা চলে গেলে তখন কোথায় দাপট থাকবে, সেকথা একবার ভেবে দেখেছেন।” বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. জাফর উল্যাহ, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, বেঙ্গল গ্র“পের চেয়ারম্যান মোরশেদ আলম। পরে মন্ত্রী ৫৫ লাখ টাকা ব্যয়ে সড়ক বিভাগ নির্মিত বেগমগঞ্জ চৌরাস্তায় তৈরি বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন স্কয়ার উদ্বোধন করেন। এর আগে সকালে মাইজদী ও চৌমুহনীতে রেলস্টেশন পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫১ ঘ.