২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হরতালে ‘১৮ দলের’ সমর্থন

বিএনপির রোববারের সারা দেশের সকাল-সন্ধ্যা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপির নেতৃত্বে গঠিত নতুন ডানপন্থী জোট ‘১৮ দলের’ শরিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির রোববারের সারা দেশের সকাল-সন্ধ্যা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপির নেতৃত্বে গঠিত নতুন ডানপন্থী জোট ‘১৮ দলের’ শরিকরা। বৃহস্পতিবার রাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে তার সঙ্গে জোট নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাত পৌনে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই বৈঠক হয়। বৈঠকের পর জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির অবসরপ্রাপ্ত অলি আহমেদ সাংবাদিকদের বলেন, “আমরা ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনায় রোববারের হরতালে মাঠে থাকব। এই হরতালকে ১৮ দলীয় জোট সম্মিলিতভাবে পালন করবে।” তিনি রাজনৈতিক নেতা গুম হওয়ার ঘটনাকে রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে অভিহিত করে বলেন, “ আমরা সরকারের কাছে দাবি জানাব, আর কাল বিলম্ব না করে ইলিয়াস আলী ও তার চালককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন।” বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী মঙ্গলবার মধ্যরাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে তার পরিবারের দাবি। এ ঘটনার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। মঙ্গলবার রাত দেড়টার দিকে ইলিয়াসের গাড়িটি তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেসময় গাড়িতে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি বিএনপির সাবেক সাংসদ ইলিয়াসের। গত বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া তার নেতৃত্বাধীন ‘১৮ দলীয় জোটের’ ঘোষণাপত্র প্রকাশ করেন। এরপর বৃহস্পতিবার ছিল এ জোটের প্রথম বৈঠক। খালেদা জিয়ার সভাপতিত্বে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, গণতান্ত্রিক পার্টি জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খাঁন, ইসলামিক পাটির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক, ইসলামী জমিয়তে উলামায়ে ইসলাম এর মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, জাতীয় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচপি/২৩১৮ ঘ.