ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বৃহস্পতিবার বিকালে বিএনপির মিছিলের সময় নেতা-কর্মীদের পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই নিন্দা জানান। একই সঙ্গে এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সমাবেশের পর আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল বের হলে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা চালিয়ে ব্যাপক টিয়ারশেল নিক্ষেপ ও বেধড়ক লাঠি চার্য করেছে।”
এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ইয়াসিন আলী এবং স্বেচ্ছাসেবক দল নেতা এইচ এম জাফর আলী, বিএনপি নেতা মিজানুর রহমান মজনু, যুবদল নেতা আলাউদ্দিনসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছে বলে দাব করা হয় বিবৃতিতে।
এতে বলা হয়, “গুমের ঘটনায় দলসহ অপহৃতের পরিবার যখন মানসিকভাবে বিপর্যস্ত তখন তাকে উদ্ধারের জন্য আজ প্রতিবাদ সমাবেশে পুলিশ দিয়ে যে ন্যক্কারজনক ও অমানবিক ঘটনার অবতারণা করলো তাতে নিশ্চিতভাবে বলা যায় সরকার এ দেশে বিরোধী দল দেখতে চায় না।”
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী মঙ্গলবার মধ্য রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে তার পরিবার ও বিএনপির দাবি। ওই রাতে দেড়টার দিকে ইলিয়াসের প্রাইভেটকার তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
গাড়িতে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি বিএনপিনেতা ইলিয়াসের।
ইলিয়াস ‘নিখোঁজের’ প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করতে চায় বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ চলে ঘণ্টাখানেক।
ইলিয়াস ‘নিখোঁজের’ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়ী করে বৃহস্পতিবার হাই কোর্টে একটি রিট আবেদন করেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
বিএনপিও দাবি করছে, তাদের দলীয় নেতাকে সরকারের বাহিনী ‘তুলে’ নিয়ে গেছে।
তবে সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এ ঘটনায় ‘বিব্রত’।
এদিকে সরকারপ্রধান শেখ হাসিনা বৃহস্পতিবরাই বলেছেন, ইলিয়াস ‘নিখোঁজের’ ঘটনা বিএনপির সাজানো নাটক।
বিএনপি তার দলের নেতার ‘নিখোঁজের’ প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
এর আগে ২০১০ সালের ২৫ জুন রাজধানীর ফার্মগেইট থেকে বিএনপির স্থানীয় নেতা চৌধুরী আলম ‘নিখোঁজ’ হয়েছিলেন। সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর আলমের কোনো সন্ধান এখন পর্যন্ত দিতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩৩ ঘ.
bdnews24