২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ ইলিয়াস আলীর বিরুদ্ধে মামলা সিলেটে

বাদি আওয়ামী লীগ নেতা বলেছেন, ঘটনা ২০০১ সালের হলেও ইলিয়াস নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি মামলা দায়েরের সাহস পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

সিলেট, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ এম ইলিয়াস আলীকে প্রধান আসামি করে চাঁদাবাজি, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন বিএনপির নেতার নির্বাচনী এলাকার এক আওয়ামী লীগ নেতা। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাছা বাদি হয়ে বুধবার রাতে বিশ্বনাথ থানায় এই মামলা করেন। এর আগের রাতে ঢাকার বনানীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস। বশারতের মামলায় ইলিয়াস আলীসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) চান মিয়া। ইলিয়াস আলী ছাড়া অন্য তিন আসামি হলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক কলমদর আলী, বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ নূর। পুলিশ কর্মকর্তা চান মিয়া সাংবাদিকদের বলেন, ২০০১ সালে নির্বাচনের পর আসামিরা বিশ্বনাথ বাজারে বশারত আলীর দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। চাঁদা না দেওয়ায় আসামিরা দোকান ভাংচুর করার পর আগুন ধরিয়ে দেয় বলে বাদির অভিযোগ। মামলা করতে দেরির কারণ হিসেবে বশারত বলেছেন, এতদিন ভয়ে তিনি মামলা দায়ের করেননি। এখন ইলিয়াস নিখোঁজ হবার খবর শুনে তিনি এ মামলা করেন। সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, পুলিশ অভিযোগটি তদন্ত করছে। মামলার বাদি বশারত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘থানায় যোগাযোগ করুন’ বলে ফোনকল কেটে দেন। সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে বলে বিএনপি অভিযোগ করে আসছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলিয়াসের নিখোঁজের এই ঘটনা বিএনপির ‘নাটক’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১২ ঘ.