ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে রাজধানীতে এক সমাবেশ শেষে বিএনপি মিছিলের চেষ্টা করায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা সংঘর্ষ হয়েছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকালে সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা এবং পেছন থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এক পর্যায়ে পুলিশ নির্বিচারে লাঠি চার্য করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং একটি বাসে আগুন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, মিছিলকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করার সময় বেশ কয়েকজন নেতাকর্মীর হাতে লাঠি ছিল। লাঠি চার্য করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ফলে ফকিরাপুল থেকে বিজয়নগর সড়কসহ আশপাশের গলিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে এসব এলাকায় যান চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
সন্ধ্যা ৬টার দিকে সেখানে অন্তত পাঁচটি হাতবোমা বিস্ফোরিত হয়। এর কিছু আগে শান্তিনগর ইষ্টার্ন প্লাসের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে ফেলে।
পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, “সংঘর্ষে ৩০ পুলিশ সদস্য আহত হন যারা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশ শেষে মিছিলটি জাতীয় প্রেসক্লাব ঘুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশ শেষে মিছিল বের হওয়ার পরপরই পুলিশের বাধার মুখে পড়ে।
সংঘর্ষ চলাকালে ফখরুলসহ মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ ও আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আশ্রয় নেন। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
পুলিশের সহকারী কমিশনার (মতিঝিল) মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলকারীরা বোমা হামলার চালালে পুলিশ ‘অ্যাকশনে’ যেতে বাধ্য হয়।
পুলিশের পাশাপাশি র্যাবের চেষ্টায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে পরিস্থিতি শান্ত হলে সাড়ে ৬টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
মঙ্গলবার রাত দেড়টার দিকে বনানীর কাছে আমতলীতে বিএনপির সাবেক সাংসদ ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর তারা গাড়িতে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে খোঁজ করে জানতে পারে গাড়িটি ইলিয়াস আলীর।
তার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় বনানী থানায় বুধবার সকালে একটি জিডি করেন ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ইলিয়াসের সঙ্গে তার গাড়িচালক আনসারও নিখোঁজ বলে এতে বলা হয়।
বৃহস্পতিবার এ ঘটনা নিয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করেন তাহসিনা। এতে অভিযোগ করা হয়, ইলিয়াসকে ‘গ্রেপ্তার’ করেও আদালতে হাজির করছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/পিডি/২০৩৫ ঘ.
bdnews24