২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের ঘটনা কূটনীতিকদের জানিয়েছে বিএনপি

এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকালে গুলশানে হোটেল হেরিটেজে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে সুইডেন, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের উপ-হাইকমিশনার, যুক্তরাষ্ট্র ও চীনের পলিটিক্যাল কাউন্সিলর, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর, ভ্যাটিকেন সিটি, ফ্রান্স, নেদারল্যান্ডসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা ছিলেন। বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান। শমসের মবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠকেরই অংশ। “সাবেক সাংসদ এম ইলিয়াস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা গুম ও হত্যা হচ্ছেন, এসব বিষয় নিয়ে আমরা কূটনীতিকদের সঙ্গে আজ মতবিনিময় করেছি,” বলেন তিনি। সাবেক কূটনীতিক শমসের মোবিন জানান, কূটনীতিকরা বিএনপির বক্তব্য শুনেছেন এবং নিজ নিজ সরকারের কাছে বিষয়গুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ আছেন। ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ তাদের সন্ধান দিতে পারেনি। বিএনপির অভিযোগ, ইলিয়াসকে গুম করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৬ ঘ.